প্রত্যর্পণ প্রক্রিয়ায় ঘুষ-দুর্নীতি, হয়রানি ও আমলাতান্ত্রিক বিঘ্ন সৃষ্টির অভিযোগ
একজন দাবিদারও অর্পিত সম্পত্তি ফেরত পাননি
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হয়েছে ২০০১ সালে। ২০১১ থেকে ’১৩ সালের মধ্যে আইনের সংশোধন হয়েছে ছয়বার। বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও কমিটিতে মামলা ও আবেদন পড়েছে প্রায় নয় লাখ। কিন্তু আজ পর্যন্ত একজন দাবিদারও সম্পত্তি ফেরত পাননি।
এই তথ্য জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ প্রক্রিয়া ঘুষ-দুর্নীতি ও মানুষ হয়রানির একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে আমলাতান্ত্রিক বিঘ্ন সৃষ্টি করছেন সরকারেরই একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য ও অভিযোগ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তাতে পরিস্থিতি থেকে ভুক্তভোগীদের মুক্তি দেওয়ার জন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
একই সঙ্গে প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত আট দফা দাবিতে মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা এবং এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৩০ মে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। পরিষদের এসব অভিযোগ ও কর্মসূচির সঙ্গে সংহতি ঘোষণা করে বিভিন্ন সংগঠন।
সংবাদ সম্মেলনে আমলাতান্ত্রিক বিঘ্ন সৃষ্টির উদাহরণ উল্লেখ করে বলা হয়, ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি প্রত্যর্পণের আবেদন নিষ্পত্তির সময়কাল আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও ট্রাইব্যুনাল তা মানছেন না। আবার জেলা প্রশাসকেরা আইনের ১১ ধারা অনুযায়ী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করছেন না। আপিল ট্রাইব্যুনালে সরকার হেরে গেলেও সম্পত্তি প্রত্যর্পণে গড়িমসি করা হচ্ছে। জেলা প্রশাসকেরা অহেতুক রায় বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা চাচ্ছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী গত ১ মার্চ ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে লেখা এক চিঠিতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের বিষয়ে ট্রাইব্যুনাল, আপিল ট্রাইব্যুনালের রায় ও ডিক্রিতে কোনো রকম অসংগতি পরিলক্ষিত হচ্ছে কি না এবং সরকারি স্বার্থের কোনো ক্ষতি সাধিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের এসব কর্মকাণ্ড শুধু যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের পরিপন্থী তা-ই নয়, এর মাধ্যমে তাঁরা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতি ক্রমাগতভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, তথাকথিত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে একধরনের অরাজকতা চালানো হচ্ছে। সরকার ‘খ’ তফসিল বাতিল করার পর গত বছরের ১৪ জুলাই ভূমি মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে। তাতে বলা হয়, ‘খ’ তফসিলভুক্ত যেসব সম্পত্তির ভোগদখলকারী এক বছরের মধ্যে তাঁদের মালিকানার সমর্থনে বৈধ প্রমাণপত্র ও দলিলাদি উপস্থাপনে ব্যর্থ হবেন, তাঁদের সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ৯২ ধারামতে খাস ঘোষণা করা হবে। ওই পরিপত্র অনুযায়ী আর মাত্র দুই মাস সময় বাকি আছে মালিকানাস্বত্ব প্রমাণের। অথচ মালিকানার বৈধ প্রমাণপত্র-খতিয়ান, দলিল, সনদপত্র প্রভৃতি ভূমি অফিস থেকে সরবরাহে নানা অজুহাতে দীর্ঘ সময়ক্ষেপণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সব রকম চক্রান্ত নস্যাৎ করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন। ‘খ’ তফসিলের সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে ঘোষিত সময় এক বছরের স্থলে পাঁচ বছর করা ও এই সম্পত্তির খাজনা আদায় ও নাম জারির ক্ষেত্রে প্রশাসনের হয়রানি বন্ধ করা। ঘুষ-দুর্নীতি বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া। ট্রাইব্যুনালগুলো আরও সক্রিয় করা ও আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ২৬ ধারা অনুযায়ী, তথাকথিত সরকারি সম্পত্তি (ভূমি, দালান, ঘর, অবকাঠামো) ব্যবস্থাপনা ও বন্দোবস্ত বিধিমালা ২০১৫ অবিলম্বে বাতিল করা। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ঢালাওভাবে আপিল বন্ধ করা, রায় ও ডিক্রি অবিলম্বে বাস্তবায়ন করা।
সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অর্পিত সম্পত্তি জাতীয় প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক কামাল লোহানি, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক অজয় রায়, ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির প্রমুখ।