একজন দীর্ঘদিন এলাকাছাড়া আরেকজনের ইটভাটা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে এলাকাছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। অপর প্রতিদ্বন্দ্বী জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। হুমকিতে এলাকা ছেড়ে চলে গেছেন তাঁর পরিবারের সব পুরুষ সদস্য।স্থানীয় সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী শৈলকুপা উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন একই দলের সমর্থক উপজেলার হরিহারা গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী রোকেয়া বেগম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল গনি বিশ্বাস। রোকেয়া বেগম ভাটা চালু করার দাবি নিয়ে প্রশাসনের কাছে ধরনা দিচ্ছেন, আর আবদুল গনি শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাইলে কেউ এ বিষয়ে মুখ খুলতে চাননি। নানাভাবে আশ্বস্ত করার পর নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, কামরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ছেলে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি এলাকায় নানাভাবে প্রভাব বিস্তার শুরু করেন। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হলে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন থাকতে না পারেন, সে ব্যাপারে তৎপরতা শুরু করেন। এলাকাবাসী আরও জানান, প্রাণনাশের হুমকির কারণে মনোনয়নপত্র কেনা থেকে বিরত থাকতে বাধ্য করা হয় সদ্য সাবেক চেয়ারম্যান ও বিএনপি-সমর্থিত নজরুল ইসলামকে। রোকেয়া বেগম ও আবদুল গনি মনোনয়পত্র জমা দিলেও মাঠে নামতে পারেননি। নির্বাচনে জয়লাভের পরদিন সকালে প্রথম কামরুজ্জামান তাঁর লোকজন নিয়ে রোকেয়া বেগমের ইটভাটা বন্ধ করে দেন।রোকেয়া বেগম অভিযোগ করেন, তিনি কামরুজ্জামানের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। তিনি চেয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। প্রার্থী হওয়ার পর তাঁকে ভোট চাইতে যেতে দেওয়া হয়নি। পোলিং অ্যাজেন্টও দিতে দেওয়া হয়নি। তাঁরা জোর করেই ভোট নিয়েছেন। আর নির্বাচনের পরদিনই তাঁর ভাটার শ্রমিকদের উঠিয়ে দিয়ে ভাটা বন্ধ করে দেওয়া হয়। তিনি দাবি করেন, ১৯৯৫ সাল থেকে তিনি এই ভাটা পরিচালনা করছেন। পরিবেশ অধিদপ্তরসহ সব ধরনের অনুমোদন তাঁর রয়েছে। এ বছর তিনি ওই ভাটায় ৩০ লাখ ইট তৈরি করেছিলেন। ১৫ লাখ বিক্রি করতে পেরেছেন, আরও ১৫ লাখ ইট বিক্রি করতে দেওয়া হচ্ছে না। এবার ইট তৈরি করতে চাইলেও করতে দেওয়া হয়নি। তিনি মালিক হয়েও ভাটায় যেতে পারছেন না। ভোটের পরদিন থেকে তাঁর স্বামী তোফাজ্জেল হোসেন পালিয়ে আছেন। ছেলে মোজাম্মেল হককে পিটিয়ে আহত করা হয়েছে। এখন বাড়ির সব পুরুষ পলাতক।আবদুল গনি বিশ্বাস অভিযোগ করেন, নির্বাচন করার কারণে তিনি এখন শৈলকুপা শহরে যেতে পারেন না। সেখানে গেলে তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আবদুল গনি বলেন, জোর করে নির্বাচনে জয়লাভ করেছেন কামরুজ্জামান। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, তাঁকে বলা হয়েছিল প্রতিদ্বন্দ্বিতা করলে সমস্যা হবে। তিনি কোনো প্রতিদ্বন্দ্বী দেখতে চান না। তাই তিনি বেঁচে থাকার জন্য নির্বাচন করেননি। তিনি বলেন, যাঁরা বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাঁরা মাঠেই নামতে পারেননি।শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নায়েব আলী জোয়ার্দ্দার জানান, এটা সাম্প্রতিকালের সব নির্যাতনের রেকর্ড ভঙ্গ করেছে। তিনি নিজেও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন, কিন্তু এখনো ভাটাটি চালু করতে দেওয়া হয়নি। এ ব্যাপারে কামরুজ্জামান বলেন, জনপ্রিয়তা আছে বিধায় অধিক ভোটে তিনি জয়লাভ করেছেন। আর তিনি কোনো ভাটা বন্ধ করেননি, ওই ভাটার ইট বিক্রি হচ্ছে না, তাই বন্ধ রয়েছে। তা ছাড়া রাস্তার পাশের সরকারি জায়গায় ওই ভাটা করা হয়েছে, যা ইতিমধ্যে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচিত হয়েছে। রোকেয়া বেগমের স্বামীর পালিয়ে থাকা প্রসঙ্গে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক না থাকায় তিনি অন্যত্র থাকেন।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। এক সপ্তাহ আগে তদন্ত করতে গিয়েছিলেন। রোকেয়া বেগম তাঁর অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, অভিযোগটি সঠিক না-ও হতে পারে, আবার এমনও হতে পারে, এলাকার কেউ মুখ খুলছে না। তবে নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে একটা বিরোধ রয়েছে এটা বোঝা যায়।