রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় গতকাল বুধবার ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আসাদুজ্জামান ওরফে সবুজ (১৯)। তাঁর বাবার নাম বয়েজ উদ্দিন মণ্ডল। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর গ্রামে। তিনি কাভার্ড ভ্যানের মালামালের সঙ্গে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের আমচত্বর এলাকা থেকে একটি ট্রাক বালু আনার জন্য কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছিল। অপর দিকে কাশিয়াডাঙ্গার দিক থেকে একটি কাভার্ড ভ্যান বাসা বদলের আসবাব নিয়ে আমচত্বরের দিকে আসছিল। সকাল নয়টার দিকে নগরের ট্রাক টার্মিনালের পাশে গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই পাশের নালায় পড়ে যায়। এ সময় আসাদুজ্জামান কাভার্ড ভ্যানের ওপরে বসেছিলেন। গাড়ি নালায় পড়ে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নগরের শাহমখদুম থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, নিহত আসাদুজ্জামানের মরদেহ উদ্ধার করে তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের নাম জানা যায়নি।