লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এর আগে বাসটি একজন মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে আদিতমারী উপজেলার সারপুকুর জুগিটারি এলাকায় গত সোমবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম আবদুর রহিম (৪২)। তিনি আদিতমারী উপজেলার স্টেশনপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহান পরিবহনের (বগুড়া-জ-০৪-০০৬৭) একটি যাত্রীবাহী বাস গতকাল সকালে বগুড়া থেকে পাটগ্রাম যাচ্ছিল। পথে সারপুকুর জুগিটারি এলাকায় বাসটি বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী আবদুর রহিম ঘটনাস্থলেই নিহত হন। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে।
বাসটির আহত ১৫ যাত্রীর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন আদিতমারী উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মোসলেম উদ্দিন (৫০) ও আবু বক্কর সিদ্দিক (৩৮) নামের স্থানীয় একজন ব্যবসায়ী। তাঁদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুস সালাম শেখ বলেন, ওই দুজন মাথায় আঘাত পেয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শরীরের বিভিন্ন স্থান জখম ছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর বর্মণ বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে মামলা করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটিকে খাদ থেকে তোলা সম্ভব হয়নি। বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন।