একজন পলাতক, অন্যজন অবরুদ্ধ, মাঠে শুধু আ.লীগের প্রার্থী
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচন নিয়ে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তিনজন মেয়র পদপ্রার্থীর মধ্যে দুজন অভিযোগ করেছেন, তাঁরা ভয়ে ভোট চাইতে যেতে পারছেন না। তাঁদের একজন অবরুদ্ধ, আরেকজন পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে ভাঙচুর, হুমকি, মারধর, পোস্টার ছেঁড়াসহ নানা অভিযোগ করে বলেছেন, এলাকায় যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদপ্রার্থী তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত তৈয়বুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আজম এবং বর্তমান মেয়র ও বিএনপি-সমর্থিত খলিলুর রহমান। আশরাফুল আজম অভিযোগ করেন, তৈয়বুর রহমান তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বলেছিলেন। কিন্তু তিনি তা না করায় তৈয়বুরের পক্ষে একদল সন্ত্রাসী গত ২৭ ডিসেম্বর শ্যামপুর গ্রামের তিনজন সমর্থককে বেদম মারধর করে। ২ জানুয়ারি তাঁর নির্বাচনী কার্যালয়ে ওই সন্ত্রাসীরা তালা লাগিয়ে দেওয়ার পর থেকে সেটি এখনো তালাবদ্ধ। সন্ত্রাসীরা তাঁর প্রচারমাইক ভাঙচুর করে। ওই দিন তাঁর শ্যালক কাজী গোলাম রসুল নির্বাচনে ব্যয় করার জন্য ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে। ১ জানুয়ারি তাঁর সমর্থক শহরের কাজীপাড়ার আবদুর রহিমের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ২ জানুয়ারি শহরের খুদের মোড়ে নির্বাচনী প্রচার চালানোর সময় সন্ত্রাসীরা ধাওয়া করলে তিনি পালিয়ে রক্ষা পান। আশরাফুল আজম অভিযোগ করেন, তাঁর সমর্থকদের প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। ভয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও সহযোগিতা পাচ্ছেন না। এ কারণে দু-এক দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়ে অভিযোগ করবেন। বিএনপি-সমর্থিত প্রার্থী খলিলুর রহমান অভিযোগ করেন, তিনি এলাকায় বের হতে পারছেন না। বাড়ির প্রধান ফটক বন্ধ করে ভেতরে চলছে তাঁর নির্বাচনী কর্মকাণ্ড। তিনি অভিযোগ করেন, তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি তা না করায় এখন ভোট চাইতে নিষেধ করা হচ্ছে। অনেক সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। কবিরপুর এলাকার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, তাতে ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছেন। তৈয়বুর রহমান খান বলেন, নির্বাচনে আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম প্রার্থী হওয়ায় দল তাঁকে বহিষ্কার করেছে। কিন্তু প্রচারমাইকে আশরাফুলকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করায় ক্যাসেটের ফিতা কেড়ে নেওয়া হয়েছে; কোনো ভাঙচুর করা হয়নি। নির্বাচনী কার্যালয়ে তালা লাগানো বা প্রতিপক্ষের সমর্থকদের মারধরে তাঁর কোনো লোক জড়িত নন দাবি করে তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য একজন মেয়র পদপ্রার্থী এলাকা ছেড়ে চলে গেছেন। আর অন্যজন এলাকায় থেকে সে লক্ষ্যে চক্রান্ত করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তৈয়বুরের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সার্বিক পরিস্থিতি উত্তেজনাকর, সুষ্ঠু পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেননি।