একজন পোশাকশ্রমিক ও পুলিশ
গাজীপুরের টঙ্গী মডেল থানার পুলিশের এক তথ্যদাতা (সোর্স) নিরীহ এক পোশাকশ্রমিকের কাছে গাঁজা রেখে তাঁকে পুলিশে ধরিয়ে দেন। পরে পুলিশকে দুই লাখ টাকা ঘুষ না দেওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ওই শ্রমিককে জেলহাজতে পাঠানো হয় বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।
ওই শ্রমিকের নাম মো. সোহরাব। তিনি গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বড়বাড়ী এলাকায় রাবাব ফ্যাশন লিমিটেডে সুইং অপারেটর (কার্ড নম্বর: ৫৬৫৯) হিসেবে কাজ করেন।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, ২৩ জুলাই দুপুরে টঙ্গী বাজারের পশ্চিম পাশে পথিক সিএনজি স্টেশনের সামনে থেকে সোহরাবকে আটক করেন পুলিশের তথ্যদাতা জাবেদ। খবর দিলে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল ঘটনাস্থলে আসেন। সোহরাবের কাছে গাঁজা থাকার অভিযোগে পুলিশ তাঁকে ধরে থানায় নিয়ে যায়।
টঙ্গী বাজারে ২৬ জুলাই দুপুর ১২টায় ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী যাত্রীবাহী বাসের লাইনম্যান আলাল ও বেলায়েত হোসেনের সঙ্গে কথা হয়। আলাল একই সঙ্গে সোহরাবের বিরুদ্ধে করা মাদক মামলার সাক্ষী।
আলাল বলেন, ‘আমি সোহরাবরে চিনি না। এলাকায় কখনো দেখি নাই। পুলিশ ডাইকা একটা কাগজে সই করতে বলছে, সই দিছি। শুধু বলল, ওর কাছে গাঁজা পাওয়া গেছে, তুই সাক্ষী। তবে অন্যান্য লোকের কাছে শুধু শুনলাম, পুলিশের ইনফরমার জাবেদ ওরে ধরাইয়া দিছে।’ বেলায়েত বলেন, ‘লোকটারে (সোহরাব) আগে কখনো দেখি নাই। দেইখা খুব মায়া লাগছে। চোখে একটা কালো চশমা ছিল। পুলিশ বলল, তার কাছে গাঁজা পাওয়া গেছে।’
পরিবারের অভিযোগ: সোহরাবের বোন রুমা ও মা হারিছা বেগমের ভাষ্যমতে, ঈদের বাজার করতে সোহরাব মঙ্গলবার টঙ্গী বাজারে যান। এ সময় একদল ছিনতাইকারী সোহরাবকে আটক করে ১০ হাজার টাকা দাবি করে। এতে রাজি না হলে ওই চক্রের এক সদস্য সোহরাবের পকেটে কয়েক পুরিয়া গাঁজা ঢুকিয়ে পুলিশে খবর দেয়। এরপর এসআই হেলাল গিয়ে সোহরাবকে আটক করেন। তাঁরা থানায় গেলে পুলিশের সদস্যরা এসআই মো. সফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
রুমা বলেন, ‘ভাইরে ছাইড়া দেওয়ার লিগা দারোগা সফিক আমার কাছে দুই লাখ টাকা চাইছে। আমি বললাম, স্যার গরিব মানুষ। কষ্ট কইরা ১০ হাজার টাকা জোগাড় করছি। কিন্তু তিনি আমার ভাইরে কোর্টে চালান কইরা দিল।’
মা হারিছা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা, আমি পুলিশের পায়ে পর্যন্ত ধরছি। কোনো কাজ হয় নাই। পুলিশ আমার নির্দোষ ছেলেরে ফাঁসাইয়া দিছে।’
আটকের দিনই সোহরাবের বিরুদ্ধে মামলা করেন এসআই হেলাল। তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই সফিককে।
দুই এসআই যা বলেন: হেলাল বলেন, ‘ছেলেটাকে (সোহরাব) দেখে মাদকসেবী বা মাদক ব্যবসায়ী মনে হয়নি। তবে এলাকার লোকেরা গাঁজাসহ আটক করেছে। তার কাছ থেকে ২০টি গাঁজার স্টিক (গাঁজাভর্তি ২০টি সিগারেট) উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ২৫০ গ্রাম।’ এসআই সফিক দাবি করেন, ‘আমি কোনো টাকা-পয়সা চাই নাই। এলাকার লোকজন গাঁজাসহ সোহরাবকে আটক করেছে। আমরা মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।’
শ্রমিকনেতার বক্তব্য: গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি ও গাজীপুর জেলার সভাপতি জিয়াউল কবির জানান, সোহরাব গত জুন মাসে বড়বাড়ী এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের ছররা গুলিতে আহত হন। তাঁর চোখে রাবার বুলেটের আঘাত রয়েছে।
জিয়াউল জানান, সোহরাবকে মাদক দিয়ে আটকের ঘটনা জানার পর তিনি টঙ্গী থানার ওসিকে অনুরোধ করেছিলেন একজন শ্রমিককে মিথ্যা অভিযোগে হয়রানি না করার জন্য।