একজন ফেরার পরদিন আরেকজনকে অপহরণ
রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের এক বাসিন্দা অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পরদিন ওই এলাকার আরেকজনকে অপহরণ করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি অপহূত আবুল হাসানাতকে গত রোববার রাতে অপহরণকারীরা ছেড়ে দেয়। সোমবার রাতে অপহূত হন ডিশ ব্যবসায়ী ওলিউল্লাহ (৪০)।
ওলিউল্লাহ অপহরণের ঘটনায় তাঁর পরিবার গতকাল মঙ্গলবার কাফরুল থানায় জিডি করেছে।
আবুল হাসানাত ক্যান্টনমেন্ট বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার। তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার সময় অপহরণ হয়েছিলেন।
ওলিউল্লাহর ভাই সালামত উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা মিরপুর ১৩ নম্বর সেকশনের ৯ নম্বর সড়কের এক বাসায় থাকেন। সোমবার রাত ১০টার দিকে বাসার সামনে একটি ক্লাবে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন ওলিউল্লাহ। সে সময় মুঠোফোনে কল এলে কথা বলার জন্য তিনি ক্লাব থেকে বাইরে আসেন। ওই সময় একটি মাইক্রোবাস এসে তাঁর সামনে দাঁড়ায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন লোক নেমে তাঁকে টেনে-হিঁচড়ে মাইক্রোবাসে তুলে দ্রুত চলে যায়। এর পর থেকে তাঁর দুটি মুঠোফোন নম্বরই বন্ধ রয়েছে।
সালামত উল্লাহ বলেন, ডিশ ব্যবসার পাশাপাশি বাসার পাশে ওলিউল্লাহর একটি বইয়ের দোকান আছে। জমিজমার ব্যবসাও করেন। তিনি বলেন, ওলিউল্লাহর বিরুদ্ধে কাফরুল থানায় একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলা আছে। কয়েকটি মামলা বিচারাধীন।
কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম জিডির সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ফিরেছেন আবুল হাসানাত: ৯ ফেব্রুয়ারি অপহূত হাসানাত অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। তাঁর স্ত্রী ফারহানা আফরোজ প্রথম আলোকে বলেন, হাসানাত তাঁকে জানিয়েছেন, রোববার রাত ১১টার দিকে দারুস সালাম থানা এলাকায় অপহরণ-কারীরা তাঁকে রেখে যায়। বাসায় যাওয়ার জন্য ৫০ টাকা গুঁজে দেয়। তাঁকে একটি ঘরে চোখ বেঁধে রাখা হতো। শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তিনি বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে জানি না। তবে আমার স্বামী ফিরে এসেছে, এটাই আমার জন্য বড় পাওয়া। আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’