একজন বিমান ক্রুর সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনপ্রবাসী শামীম আহমেদ চৌধুরী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেশ কিছু ব্রিটিশ পাউন্ড হারিয়েছিলেন। তিনি ভাবতে পারেননি, ওই হারিয়ে যাওয়া পাউন্ড ফেরত পাবেন। কিন্তু একজন বিমানকর্মীর সততা তা ফেরত পেলেন তিনি।

ঘটনার শুরু গত ১৪ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী বিজি-০০২ ফ্লাইটে। ওই ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, তখন একজন নারী যাত্রী কেবিন ক্রু আশরাফ আল কাদেরকে ডাকেন। ওই যাত্রী গার্বেজ ব্যাগে পড়ে থাকা কালো পলিথিন মোড়ানো একটি প্যাকেট তাঁকে দেন। ক্রু আশরাফ ওইসময় অন্য যাত্রীদের সামনে প্যাকেটটি খোলা শোভন হবে না বিধায় তা নিজের পকেটে রেখে দেন।

পরদিন ১৫ ডিসেম্বর বিজি-০০২ ফ্লাইটটি ঢাকায় ফেরত এলে আশরাফ তাঁর মোহাম্মদপুরের বাসায় যান। তিনি পকেট থেকে কালো পলিথিন মোড়ানো প্যাকেটটি নিয়ে তাঁর মেয়েকে সেটি ময়লার ঝুড়িতে ফেলে দিতে বলেন। ওই সময় হঠাৎ তাঁর মনে হয়, মোড়ানো কালো পলিথিনটি বেশ ভারী। টিস্যু পেপার বা পলিথিন এ রকম ভারী হওয়ার কথা নয়। তাই কৌতুহলবশত তিনি মোড়ানো পলিথিনটি খুলে ভেতরে টিস্যু পেপার দিয়ে মোড়ানো একটি খামের মধ্যে কিছু ব্রিটিশ পাউন্ড দেখতে পান। সেখানে তিনি মোট তিন হাজার ২৮৫ ব্রিটিশ পাউন্ড পান, যা তাকে উদ্বিগ্ন করে তোলে। ওই পাউন্ডের মালিককে কীভাবে পাওয়া যায়, তিনি সেই উপায় খুঁজছিলেন। পরে ওই টিস্যু পেপারের গায়ে লেখা একটি টেলিফোন নম্বর তাঁর ওই কাজ সহজ করে দেয়।

আশরাফ ওই নম্বরে ফোন করলে শামীম তা ধরেন। আশরাফ জানতে চান শামীম ২ / ১ দিনের মধ্যে বাংলাদেশ বিমানে ভ্রমণ করেছে কিনা। কথা বলার সময় শামীম জানান, কালো পলিথিনে মোড়ানো প্যাকেটে তার প্রায় চার হাজার পাউন্ড হারিয়েছে। তিনি আরও জানান, বিমানে তিনি কিছু পাউন্ড খরচ করায় সবশেষ সেখানে ৩ হাজার ২০০ পাউন্ডের বেশি ছিল।

আশরাফ তাঁর কাছ থেকে ওই অর্থ ফেরত নেওয়ার জন্য শামীমকে অনুরোধ করলে শামীম জানান ২৯ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন। পরে গত বৃহস্পতিবার আশরাফের বাসায় গিয়ে ওই অর্থ গ্রহণ করেন শামীম।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ বলেন, এ ঘটনা বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান তথা এর কর্মীদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে। তিনি বলেন, ‘বিমান কর্মী আশরাফের সততায় বিমান গর্বিত।’