একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য না দেওয়ায় ঝুলে আছে বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য না দেওয়ায় জেএমবির সদস্যদের গুলিতে নিহত ঝালকাঠির সরকারি কৌঁসুলি হায়দার হোসাইন হত্যা মামলার বিচার কার্যক্রম ঝুলে আছে। গত মঙ্গলবার ছিল এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন। কিন্তু এ দিন সাক্ষী ম্যাজিস্ট্রেট মেহেদী মাসুদুজ্জামানকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করতে পারেননি জেলা প্রশাসক। ফলে আগামী ২১ নভেম্বর সাক্ষীর জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। হায়দার হোসাইন হত্যা মামলার ৪৯ নম্বর সাক্ষী ও প্রথম শ্রেণীর হাকিম মেহেদী মাসুদুজ্জামানের নামে ২০১০ সালের ১৫ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও গত সাত মাসেও পুলিশ তাঁকে খুঁজে পায়নি। গত ২৫ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী ম্যাজিস্ট্রেট মেহেদী মাসুদুজ্জামানের অবস্থান ও ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য ঝালকাঠি জেলা প্রশাসককে নির্দেশ দেন।জেএমবির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁঁসুলি হায়দার হোসেনকে ২০০৭ সালের ১১ এপ্রিল রাতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে মামলা করেন। মামলার বাদী তারিক বিন হায়দার প্রথম আলোকে বলেন, ‘নানা আইনি জটিলতায় সাড়ে চার বছরেও আমার বাবার হত্যার বিচার শেষ হয়নি। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে পুলিশ ও প্রশাসন খুঁজে পাচ্ছে না, এটা কি মেনে নেওয়ার মতো?’আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৭ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক মোশারফ হোসেন জেএমবির পাঁচ জঙ্গিকে অভিযুক্ত করে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন: খুলনার মুরাদ হোসেন (২০), বরগুনার আবু শাহাদাত মোহাম্মদ তানভীর (৩১), আমিনুল ওরফে আমির হোসেন (৩৭), বেলাল হোসেন (২৭) ও ঢাকার সগির হোসেন ভূঁইয়া (৩৮)। শেষের দুজন পলাতক রয়েছেন।আসামি মুরাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় হায়দার হোসাইন জেএমবির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে অসদাচরণ করেন। তাই জেএমবির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে হত্যা করা হয়। জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ২০১০ সালের ৬ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান। ১৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রথম শ্রেণীর হাকিম মেহেদী মাসুদুজ্জামানসহ ৫২ জন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় মোট সাক্ষী ছিলেন ৫৭ জন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল এরই মধ্যে ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। শুধু মেহেদী মাসুদুজ্জামান ও মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেনের সাক্ষ্য বাকি রয়েছে। বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আনিছুর রহমান খান গত ৫ জুলাই নির্ধারিত সময়েও বিচার শেষ না হওয়ায় মামলাটি ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ফেরত পাঠানোর আদেশ দেন। প্রচলিত আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ না করে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া যায় না।কারাগারে আটক তিন জেএমবি সদস্যকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। মেহেদী মাসুদুজ্জামানের অবস্থান নিশ্চিত না হওয়ায় ২১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়।