একজন শামীমের অনন্য উদ্যোগ

প্রায় দুই বছর ধরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতেই থাকতেন মানসিক ভারসাম্যহীন এক নারী। কেউ জানতে চাইলে খুব অস্পষ্ট স্বরে নিজের নামটি বলতেন, পারুল। গ্রামের বাড়ি যশোর। এর বেশি আর কিছু তিনি মনে করতে পারেন না। পরিবার-পরিজনের কোনো হদিস তিনি দিতে পারেন না। কেউ কিছু দিলে খান, না হলে উপোস দিনই কাটে।
স্থানীয় দোকানদাররা বলেন, পারুল বলতে পারেন না কোথা থেকে তিনি সেখানে এসেছেন। কাউকে বিরক্তও করেন না। শুধু একলা শুয়ে থাকেন যাত্রীছাউনিতে।
সেই পারুলকে মমতার হাত বাড়ালেন এক ব্যক্তি। তাঁকে সুস্থ করে স্বাভাবিক জীবন ও স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শামীম আহমেদ। গতকাল তিনি ও তাঁর বন্ধুরা মিলে পারুলকে ঘিওর থেকে নিয়ে এসে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করিয়েছেন।
গতকাল সকালে ঘিওরে অ্যাম্বুলেন্স থেকে নেমে নতুন শাড়ি নিয়ে যাত্রীছাউনিতে থাকা পারুলের কাছে যান শামীম ও তাঁর বন্ধু আলী সাব্বিরসহ কয়েকজন। গায়ে নতুন শাড়ি জড়িয়ে উচ্ছল হয়ে উঠেন পারুল। সেখানে থেকে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।
শামীম প্রথম আলোকে বলেন, ২ আগস্ট অফিস থেকে বাসায় ফেরার পথে বাসে এক সহযাত্রীর কাছ থেকে তিনি পারুলের বিষয়টি প্রথম জানতে পারেন। পরে লোক পাঠিয়ে ঘিওরে পারুলের বিষয়টি নিশ্চিত হন। স্থানীয় থানায় যোগাযোগ করে তাঁকে উদ্ধার করে চিকিৎসাসেবা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। গতকাল শামীম ও তাঁর বন্ধুরা মিলে পারুলকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে আসেন। পারুলকে দেখভালের জন্য একজন পরিচারিকার ব্যবস্থাও করেছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আগেই যোগাযোগ করে রেখেছিলেন শামীম। তাই গতকাল দ্রুতই ভর্তি-প্রক্রিয়া শেষ হয়। হাসপাতালে পারুলের সঙ্গে কথা বলে বোঝা যায়, তাঁর কথায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাষার বিশেষ টান রয়েছে।
কেবল পারুলই নয়, এর আগেও মানসিক ভারসাম্যহীন আরও দুই নারীকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ভর্তি করিয়েছিলেন শামীম। এখন তাঁরা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছেন। ফিরেছেন স্বজনদের কাছে।