মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল (দন্ত) বিভাগ। প্রথম থেকে তৃতীয়—এই তিন বর্ষের শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি শ্রেণিকক্ষ। নেই পৃথক ছাত্রাবাস।
মেডিকেল কলেজ সূত্র জানায়, ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজে দন্ত বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে তিনটি বর্ষে ৮৩ জন শিক্ষার্থী পড়ছেন। অথচ পুরো বিভাগ চলছে সহকারী অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষক দিয়ে। এ অবস্থায় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দন্ত বিভাগে নতুন আরও একটি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হবেন।
শিক্ষক না থাকায় বিভাগে নিয়মিত ক্লাস হচ্ছে না। এ ছাড়া কক্ষ-সংকটের কারণে তিন বর্ষের শিক্ষার্থীদের পালা করে ক্লাস করতে হচ্ছে। কারণ, দন্ত বিভাগের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ বরাদ্দ রয়েছে। তিন শিক্ষাবর্ষে ১৫০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও অনেকেই অন্য কলেজে চলে গেছেন (মাইগ্রেশন)।
ডেন্টাল বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করেছেন।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, একটিমাত্র কক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ক্লাস করতে হয়। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ বিষয়ের ক্লাস করার জন্য ওই সব বিভাগে গিয়ে ক্লাস করতে হয়। চতুর্থ বর্ষের ক্লাস নেওয়ার জন্য কোনো শিক্ষক নেই। পৃথক ছাত্রাবাসও নেই।
কলেজ সূত্রে জানা গেছে, ডেন্টালের শিক্ষার্থীদের প্রথম বর্ষে একটি, দ্বিতীয় বর্ষে তিনটি, তৃতীয় বর্ষে একটি এবং চতুর্থ বর্ষে পাঁচটি বিষয়ভিত্তিক কোর্স পড়তে হয়। এর বাইরে মেডিকেলের অন্য বিষয়ের ওপর প্রথম বর্ষ থেকেই একাধিক কোর্স পড়তে হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার কাদির প্রথম আলোকে বলেন, ‘ডেন্টাল বিভাগের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রতি বিষয়ের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ একাধিক শিক্ষক প্রয়োজন। বাস্তবে আমি একাই দায়িত্ব পালন করছি। একজনের পক্ষে তিনটি বর্ষের ক্লাসের চাপ সামাল দেওয়া অসম্ভব। শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছে।’
শিক্ষার্থী মো. শাদলী বেনজাদীদ জানান, ‘শিক্ষক-সংকট দূর করা, ছাত্রাবাস, শ্রেণিকক্ষ, নির্দিষ্ট বিষয়ের শিক্ষক নিয়োগ, পৃথক ডেন্টাল ইউনিটসহ চার দফা দাবিতে কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছি। অবিলম্বে এসব সমস্যা সমাধান না হলে আমাদের শিক্ষাজীবন ধ্বংসের মুখে পড়বে।’
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, তিনটি ছাত্রাবাসে আসন খালি থাকলেও সেখানে ডেন্টাল বিভাগের শিক্ষার্থীদের থাকতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ শাব্বির আহম্মদ খান প্রথম আলোকে বলেন, ‘তিন-চার বছর ধরে ডেন্টাল কোর্স চালু হলেও এর জন্য জনবল দেওয়া হয়নি। বর্তমানে একজন সহকারী অধ্যাপক দায়িত্ব পালন করছেন। সমস্যার কথা জানিয়ে আমরা অনেকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’
ডেন্টালের শিক্ষার্থীদের আবাসন সমস্যার বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘ছাত্রীদের জন্য পৃথক বাড়ি ভাড়া করে থাকার ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের আবাসন সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রাবাসে আসন খালি আছে ঠিকই, কিন্তু কত খালি আছে, সেই হিসাব নেওয়া হয়নি।’