একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক–সংকটে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এই বিদ্যালয়ে একজন শিক্ষকই কর্মরত। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। এ কারণে দাপ্তরিক কাজে বা ছুটিতে তিনি অন্যত্র গেলে বিদ্যালয়ে পাঠদান বিঘ্নিত হয়। এ অবস্থায় একজন অতিথি শিক্ষকের সহায়তা নিয়ে চলছে পৌনে দুই শ শিক্ষার্থীর পাঠদান।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, আজ থেকে শতবর্ষ আগে ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে শিক্ষক–সংকটের পাশাপাশি আসবাবের সংকটও রয়েছে। বিদ্যালয়টিতে শিক্ষক পদের সংখ্যা পাঁচটি। কিন্তু প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক থাকলেও একজন মাতৃত্বকালীন ও একজন চিকিৎসাজনিত ছুটিতে রয়েছেন। বাকি দুটি পদ শূন্য।
সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক কমল কৃষ্ণ দে ও অতিথি শিক্ষক শাহীন আকতার পাঠদান করছেন। দুজন শিক্ষক ছয়টি শ্রেণিতে পাঠদান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। শিক্ষকেরা জানান, বর্তমানে বিদ্যালয়ের শিশু শ্রেণিতে ২৫ জন, প্রথম শ্রেণিতে ২৪ জন, দ্বিতীয় শ্রেণিতে ২১ জন, তৃতীয় শ্রেণিতে ৩১ জন, চতুর্থ শ্রেণিতে ৩৭ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। ইতিমধ্যে নতুন ভবন নির্মাণ শেষ হলেও প্রয়োজনীয় আসবাব না থাকায় সেখানে পাঠদান করা সম্ভব হচ্ছে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ দে বলেন, ‘আমাকে প্রায় সময় প্রশাসনিক কাজে উপজেলা সদর কার্যালয় কিংবা বিভিন্ন স্থানে যেতে হয়। অনেক সময় বিভিন্ন কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভব হয়ে ওঠে না। এ ছাড়া আসবাবের অপ্রতুলতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।’
বিদ্যালয়ের একমাত্র অতিথি শিক্ষক শাহীন আকতার বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদান যথাযথভাবে চালিয়ে নেওয়ার জন্য গ্রামবাসীর অনুরোধে নামমাত্র সম্মানী নিয়ে আমি কাজ করছি। আমার নিজের পড়ালেখাও চালিয়ে যেতে হচ্ছে। অনেক সময় বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায়।’
অন্যদিকে, এক শ্রেণির পাঠদানের সময় অন্য শ্রেণির শিক্ষার্থীরা বসে থাকে। মাঝে মধ্যে একসঙ্গে দুই শ্রেণিতে ক্লাস নিতে হয়।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন জানান, নানা প্রতিকূলতার মধ্যেও প্রথমিক সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত শিক্ষক সংকট দূর করা।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বশির আহম্মদ সরকার বলেন, উপজেলার অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া ইতিমধ্যে ওই বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিগগিরই তিনি কর্মস্থলে যোগ দেবেন।