একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক প্রায় মাসখানেক ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে বিদ্যালয়টিতে মাত্র একজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এতে করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩২২ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে ছয়টি শিক্ষকের পদ থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র চারজন। এর মধ্যে দুজন সহকারী শিক্ষক শারমিন আক্তার ও সাবিহা আক্তার গত বছরের ৩০ ডিসেম্বর সার্টিফিকেট ইন এডুকেশন (সিএনএড) প্রশিক্ষণে চলে যাওয়ার পর দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয়টির কার্যক্রম চলে আসছিল। কিন্তু ওই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক সুজলা রানী তালুকদার কাউকে না জানিয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় নিরূপায় হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একাই যাবতীয় কার্যক্রম চালাতে হচ্ছে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুল হক বলেন, ‘বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক কোনো অনুমতি না নিয়েই ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান এবং তাদের মধ্যে পুষ্টিমানসমৃদ্ধ বিস্কুট বিতরণসহ যাবতীয় কার্যক্রম চালাতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষকে জানিয়েছি।’সহকারী শিক্ষক সুজলা রানী তালুকদার মুঠোফোনে যোগাযোগ করে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই শিক্ষককে ১২ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাইনি।’