একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি
স্কুলটির নাম দক্ষিণ তিতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে শিক্ষক মাত্র দুজন। এর মধ্যে আবার একজন ছুটিতে। একজন শিক্ষকের পক্ষে ৮৫ জন শিক্ষার্থীর পাঠদান করানো অসম্ভব। এতে করে শিক্ষার গুণগতমান অর্জন তো দূরের কথা ‘নামের শিক্ষা’ পায় না এখানকার শিক্ষার্থীরা। এ স্কুলটি পটুয়াখালীর সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের দক্ষিণ তিতকাটা গ্রামে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, স্কুল ভবনটি বেশ সুন্দর। ‘সাইক্লোন শেল্টার কাম স্কুল’ ভবন নকশায় এই স্কুলটির শ্রেণিকক্ষগুলো বেশ সাজানো। দেশের বরেণ্য ব্যক্তিদের নামে প্রতিটি কক্ষের নামকরণ করা হয়েছে। যেমন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, নজরুল ইসলাম, জসীমউদ্দীন প্রমুখ। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ২০০৯ সালে নতুন ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়টিতে সবই আছে, শুধু নেই শিক্ষক।
এদিকে স্কুলটিতে দুজন শিক্ষক কর্মরত থাকলেও একজন ছুটিতে থাকায় মো. আমিনুল ইসলাম নামের একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করান। একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদান করে ছুটে যাচ্ছেন আরেকটি শ্রেণিকক্ষে। এভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে।
পাঠদান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী তামান্না বলে, ‘স্যারে পড়া দিয়া অন্য ক্লাসে যায়। আবার পরে আইয়া পড়া নেয়। এভাবে আমাগো পড়ায় স্যারে।’
শিক্ষক আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই স্কুলে দুজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। এর মধ্যে একজন শিক্ষক অবসরে গেলে ২০১৬ সালের ১৯ মার্চ প্রেষণে তিনি এই স্কুলে আসেন। ১০ এপ্রিল এই স্কুলের শিক্ষক ছুটিতে যাওয়ায় এখন তিনি একা। স্কুলে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বর্তমানে ৮৫ জন শিক্ষার্থী রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত দুই ভাগে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শুধু পাঠদানই নয় প্রধান শিক্ষক না থাকায় তাঁদের প্রশাসনিক দাপ্তরিক কাজগুলোও করতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, দক্ষিণ তিতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকসহ পাঁচজন শিক্ষকের পদ রয়েছে। তবে বর্তমানে একজন শিক্ষক ও প্রেষণে যোগদান করা অপর একজন শিক্ষকসহ দুজন শিক্ষক রয়েছেন। সদর উপজেলার মোট ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং শিক্ষকের পদ রয়েছে ১ হাজার ১৯৭টি। কর্মরত আছেন ১ হাজার ৪ জন। শূন্য আছে ১৯৩টি পদ।
সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাহারা সুলতানা বলেন, আসলে দক্ষিণ তিতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকসহ পাঁচজন শিক্ষকের পদ রয়েছে। তবে সেখানে একজন শিক্ষক রয়েছেন। আরেকজন শিক্ষককে প্রেষণে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী প্রথম আলোকে বলেন, একজন শিক্ষক ছুটিতে আছেন। ছুটি শেষ করে দু-এক দিনের মধ্যে তিনি স্কুলে ফিরবেন। তবে শিক্ষক-সংকট থাকবে না। পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ হচ্ছে বলে জানান তিনি।