একজন শিক্ষক, দৌড়ে দৌড়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটে চাঁদপুরের হাজীগঞ্জের চারিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এখানে চারজন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন একজন। যিনি আছেন, তিনি একাই পাঠদান ও দাপ্তরিক কাজ করেন। তাঁকে দৌড়ে দৌড়ে পাঠদান করতে হয়। যেদিন দাপ্তরিক কাজে তিনি উপজেলা শহরে যান, সেদিন বিদ্যালয় বন্ধ থাকে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে চারিয়ানী গ্রামে ২০১১-১২ অর্থবছরে ‘বিদ্যালয়বিহীন গ্রামে ১৫০০ বিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আওতায় বিদ্যালয়টি স্থাপন করা হয়। প্রতিষ্ঠার পর পাশের কয়েকটি বিদ্যালয় থেকে এখানে প্রেষণে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজন কয়েক মাস থাকার পর তদবির করে পুরোনো বিদ্যালয়ে ফিরে যান। এ কারণে এখানে শিক্ষক-সংকট দেখা দিয়েছে। বর্তমানে এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৩ জন শিক্ষার্থী আছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হাসান বলেন, ছয় মাসের প্রেষণে তাঁকে রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বিদ্যালয়ে পাঠানো হয়। ছয় মাসের স্থলে এ বিদ্যালয়ে এখন তাঁর সাড়ে চার বছর চলছে। তিনি আরও বলেন, ‘আমাকে শিক্ষকতার পাশাপাশি দপ্তরির দায়িত্ব পালন করতে হয়। উপজেলা শিক্ষা কার্যালয়ের মাসিক সভায় যোগ দিতে অথবা জরুরি প্রয়োজনে কোথাও যেতে হলে বিদ্যালয় বন্ধ রাখতে হয়। অন্যান্য দিন একা পাঁচটি শ্রেণির ক্লাস নিতে হিমশিম খেতে হয়।’

বিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গনি, ইয়াছিন ও বৃষ্টি বলে, স্যার এক ক্লাসে পড়া দিয়ে অন্য ক্লাসে যান। তখন ছেলেমেয়েরা ক্লাসে গন্ডগোল করে।

বিদ্যালয়ের দাতা সদস্য কে এম রাসেল সফিক বলেন, ‘গ্রামটিতে বিদ্যালয় ছিল না। গ্রামের মানুষের ছেলেমেয়েদের কথা চিন্তা করে আমরা জমি দিয়েছি। এখন শিক্ষক না থাকায় বিদ্যালয়টি বন্ধ হওয়ার পথে। বিদ্যালয়ে দ্রুত শিক্ষক দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, চলতি মাসে হাজীগঞ্জ উপজেলায় ৪৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন যোগ দিয়েছেন। চারিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও সেখানে তাঁরা যোগ দেননি। এখন বিকল্প ব্যবস্থায় সেখানে শিক্ষক দেওয়া হবে।