একজন শিক্ষকে চলছে বিদ্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের বেশি সময় ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের হাওর এলাকার দিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। এতে করে এখানকার শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৯০। এখানে তিনজন শিক্ষকের পদ থাকলেও প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে এ বিদ্যালয়ে দুজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে সহকারী শিক্ষক মানবিকা সরকার মাতৃত্বকালীন ছুটিতে আছেন। গত ১১ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই সবকিছু সামাল দিতে হতে হচ্ছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল হান্নান চৌধুরী জানান, একজন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি চলতে থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে। তিনি নতুন বছরের শুরু থেকেই এ বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ সরকার বলেন, ‘শিক্ষার্থীদের পুষ্টিমানসমৃদ্ধ বিস্কুট বিতরণ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম আমাকে একাই করতে হচ্ছে। ফলে সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না।’ তিনি জানান, গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। কিন্তু শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হওয়ায় সদ্যোসমাপ্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয় হওয়ায় আশঙ্কা রয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ মণ্ডল প্রথম আলোকে জানান, শিক্ষকের সমস্যা সমাধানের জন্য শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।