একজন শিক্ষকের ৩০০ শিক্ষার্থীকে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর ধরে শিক্ষক রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
এ কারণে মূলত একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করছেন। শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়টি গত অক্টোবরে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছে।
ওই বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৩৮ সালে আলীরপাড়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্কুলটিতে শিক্ষকের পদ রয়েছে পাঁচটি। কিন্তু তিন বছর ধরে তিনজন শিক্ষকের পদ শূন্য রয়েছে। দুজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে একজন শিক্ষক প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদরুদ্দোজা বলেন, ২০১১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার অন্যত্র বদলি হন। তখন থেকে প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষকের পদ শূন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সপ্তাহের বেশির ভাগ সময় তাঁকে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। ফলে বেশির ভাগ সময় মূলত একজন শিক্ষকই শিক্ষার্থীদের পাঠদান করছেন। শিক্ষক-সংকটের বিষয়টি একাধিকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও বিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
চতুর্থ শ্রেণির ছাত্রী তাসলিমা আক্তার জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক না থাকায় প্রতিদিন তাদের ক্লাস ঠিকমতো হয় না। একজন শিক্ষক এক ক্লাসের শিক্ষার্থীদের যেকোনো একটি পড়া দিয়ে অন্য ক্লাসে চলে যান। এতে করে শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ দিতে পারে না। প্রতিদিন একজন শিক্ষকই বাংলা, ইংরেজি, গণিতসহ সব বিষয়ের ক্লাস নেন। পঞ্চম শ্রেণির ছাত্র সুজন মিয়া জানায়, প্রতিদিন একজন শিক্ষক বারবার ক্লাস নেওয়ার বিষয়টি তাদের কাছে একঘেয়ে লাগে।
শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, তিনি এবং মাঝেমধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে যেদিন শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান, সেদিন তিনি একাই ক্লাস নেন। এভাবে একটি বিদ্যালয় চলতে পারে না। জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গত ১৫ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ওই বিদ্যালয়ে অন্তত একজন শিক্ষক দেওয়ার জন্য বলেছেন তিনি।