একজন শিক্ষিকার ২০ বছরের লড়াই

কর্তৃপক্ষের বরখাস্ত আদেশের বিরুদ্ধে মামলা করে জিতেছেন, সময় লেগেছে ১১ বছর। এরপর চলছে পাওনা বেতন-ভাতার জন্য চেষ্টা-তদবির, মামলা। কেটেছে আরও আট বছরের বেশি সময়। আগামী ৩১ ডিসেম্বর চাকরির মেয়াদ শেষ হবে শামীম আখতারের। কিন্তু চলতি এবং বকেয়া পাওনার কোনো খবর নেই।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২০ বছরের সংগ্রামের চিত্র তুলে ধরলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এমপিও ভুক্ত বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আখতার।
শামীম আখতার বলেন, ‘২০ বছর ধরে বেতন-ভাতা না পেয়ে দুঃখ ও গভীর হতাশায় জর্জরিত হয়ে পড়েছি। নিরুপায় হয়ে বিদায় মুহূর্তে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছি। আশা করি, তাঁর হস্তক্ষেপে শান্তিতে বিদায় নিতে পারব।’
১৯৮৪ সাল থেকে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আখতার। বলেন, ‘৯৬ সালে ডিসেম্বরে স্কুলের ব্যবস্থাপনা কমিটি তাঁকে বরখাস্ত করেন। এর বিরুদ্ধে তিনি স্কুল কমিটি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেন। ২০০১ সালে আদালত বরখাস্তের আদেশ বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে স্কুল কমিটি ও শিক্ষা বোর্ড জজ কোর্টে আপিল করলে তা ২০০৩ সালে খারিজ হয়। এরপর শিক্ষাবোর্ড ও স্কুল কমিটি হাইকোর্টে আপিল করলে তাও খারিজ হয় ২০০৭ সালে। এরপর তিনি প্রধান শিক্ষকের পদে যোগ দিতে গেলে কমিটি বাধা দেয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টের আদেশ কার্যকর করার জন্য আবার আদালতে যান। এ পর্যায়ে তিনি স্বপদে যোগ দেন। যোগদানের পর বিধি মোতাবেক কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত বকেয়া ও চলতি বেতন-ভাতার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ বেতন-ভাতা পরিশোধ না করায় ২০০৯ সালে মানিস্যুট মামলা করেন তিনি। ২০১০ সালে মামলা খারিজ হলে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট ২০১৩ সালে তাঁর সরকারি ও বেসরকারি সমুদয় বকেয়া ও চলতি ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
হাইকোর্টের রায়ের মূল কপি নিয়ে পাওনা বেতন ভাতার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যান এই প্রধান শিক্ষক। এবারও কর্তৃপক্ষ তাঁর আবেদন গ্রাহ্য করেনি উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় ২০১৫ সালের নভেম্বরে তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কুমিল্লা জেলা জজ কোর্টে জারি মামলা করেন, যা এখনো বিচারাধীন। আগামী ৩১ ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন।
এক প্রশ্নের জবাবে শামীম আখতার প্রথম আলোকে বলেন, স্বামী ও পরিবারের সমর্থনে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে জয়ী হয়েছেন। কিন্তু যাঁরা হেরে গেছেন, তারা আমার পাওনা বেতন-ভাতা ঠেকিয়ে রেখে জিততে চাইছেন।’
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মো. এলিয়াছ হোসেন বলেন, আদালত যেভাবে রায় দিয়েছেন সে আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।