একজন শের আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‍বাস থেকে শিশু​টিকে উদ্ধারের সময় কেঁদে ফেলেন শের আলী l ছবি: সংগৃহীত
‍বাস থেকে শিশু​টিকে উদ্ধারের সময় কেঁদে ফেলেন শের আলী l ছবি: সংগৃহীত

ছুটি নিয়ে গত রোববার কক্সবাজারের রামুর রশিদনগরের গ্রামের বাড়িতে যান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল শের আলী। বেলা সোয়া একটার দিকে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় শুনতে পান, দেড় কিলোমিটার দূরে বাস দুর্ঘটনা ঘটেছে। শুনেই খাওয়া ফেলে সেখানে ছুটে যান। স্থানীয় লোকজনের সহায়তায় বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধারকাজে নেমে পড়েন। দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসটির ভেতরে আটকা পড়া ছয়জনকে এক এক করে বের করে আনেন তিনি।
গত রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর এলাকায় ব্যাটারিচালিত একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় বাসটি। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল বাসটি। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেন। দুর্ঘটনায় দুই নারীসহ চারজন মারা যায়। আহত হয় অন্তত ৩৪ জন।
শের আলী প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের উদ্ধার করার সময় বাসের ভেতর থেকে একটি বাচ্চার আওয়াজ শুনি। শিশুটি ভেতরে আটকে ছিল। কোনোরকমে তাকে উদ্ধার করি। বাসের বাইরে বের করার পর মেয়েটি “আব্বা, আব্বা আমাকে পানি দেন, পানি খাব” বলতে থাকে। এতক্ষণ দায়িত্ব পালন করছিলাম। কিন্তু মেয়েটির চেহারা আর ডাক শুনে নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। আর আবেগ ধরে রাখতে পারিনি।’
শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসার সময় শের আলীর কান্নার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, দুর্ঘটনায় আহত মেয়েটির নাম উম্মে হাবিবা। তাকে  প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।