একজন সদানন্দের গল্প

ক্যাঁচম্যাচে একটা শব্দে চুল কাটছে কাঁচি। জুলফি থেকে গালের দিকে নিঃশব্দে নেমে যাচ্ছে ক্ষুর। পাকা হাতে চলছে এই ক্ষৌরকর্ম। যিনি চুলদাড়ি কেটে মানুষকে সুন্দর করে তোলার কাজে ব্যস্ত, সেই মানুষটি হলেন নরসুন্দর সদানন্দ ঠাকুর। আদালত পাড়ায় তাঁর ঠিকানা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পশ্চিম পাশের রাস্তায় ফুটপাতে টানা ৪৫ বছর ধরে এ কাজ করছেন তিনি।
কাঠের ছোট্ট একটা চৌকি পেতে বসেন সদানন্দ। কাজের উপকরণ বলতে পাঁচটি ক্ষুর, দুটি চিরুনি আর মেলামাইনের একটি বাটি। আদালত প্রাঙ্গণে তাঁকে ঠাকুর নামে ডাকে সবাই। ১৫ টাকা নিয়ে দাড়ি কামান, চুল কাটতে নেন ২০ টাকা। দিনমান চলে তাঁর এই কাজ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খদ্দরের আসার অপেক্ষায় বসে আছেন সদানন্দ। বয়স্ক এক লোক তাঁর সামনে এসে বসলেন। তিনি নরসুন্দর সদানন্দের দাড়ি কামাতে শুরু করলেন। সদানন্দ জানালেন, এই লোক তার বড় ভাই। নাম গ্যানা ঠাকুর। তিনিও ঢাকার আদালত এলাকায় প্রায় ৫০ বছর ধরে একই কাজ করছেন। দাদার হাতে সদানন্দ সুশ্রী হয়ে বসতেই এক যুবক হন্তদন্ত হয়ে হাজির। তাড়া দিয়ে বললেন, ‘দাদা, হাতে সময় নেই, জলদি আমার দাড়ি কামাইয়ে দাও।’
মাত্র পাঁচ মিনিটে সে কাজ শেষ। যুবক জানালেন, সেলুনে গিয়ে বেশি টাকায় দাড়ি কামানো তাঁর সাজে না। এতে পোষায় না।
আদালত পাড়ার পরিচিত জনেরা সদানন্দ সম্পর্কে বলেন, এখানে তিনি ‘ঠাকুর’ নামে পরিচিত। সদাহাস্য সদানন্দ এক সন্তানের জনক।
সদানন্দ জানান, বংশ পরম্পরায় তাঁরা এ পেশায় রয়েছেন। এখন রোজ চার-পাঁচ শ টাকা করে পান। রাতে দারোয়ানের কাজ করেন এক জায়গায়। এভাবে দিন চলছে তাঁর।