একজন সাংবাদিকই সত্য প্রকাশের জন্য যথেষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ফারজানা ইসলাম বলেছেন, ‘সত্য প্রকাশের জন্য একজন সাংবাদিকই যথেষ্ট। আমাদের সৌভাগ্য যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই সাংবাদিকতা করছে। সুতরাং বিগত সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা সাংবাদিকদের কলমের মাধ্যমেই পুনরুদ্ধার হবে।’
গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, দীর্ঘদিন ধরে অচলাবস্থার ফলে সৃষ্ট সেশনজট নিরসন, ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিকারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
উপাচার্য বলেন, বলিষ্ঠ ও সুস্থধারার সাংবাদিকতা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্বশীলতার প্রত্যাশা আরও বেশি। বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, জাতিসত্তা গড়ে তোলার তীর্থস্থান।
প্রায় নয় মাস উপাচার্য আনোয়ার হোসেনবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা নিরসন প্রসঙ্গে উপাচার্য ফারজানা বলেন, ‘এ ব্যাপারে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজনে এ বছরের গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনতে পারি। আগামী বছর ভর্তি পরীক্ষা স্বল্প সময়ে শেষ করতে পারি।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর তপন কুমার সাহাসহ জনসংযোগ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উপাচার্যের মতবিনিময় সভার পর নবনিযুক্ত প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।