নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ সারাহ্ বেগম কবরী বলেছেন, ‘আমি মনে করি না, প্রথম আলো মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু লিখেছে। নারায়ণগঞ্জের বাস্তব অবস্থা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছে বলেই পত্রিকাটি ও এর সম্পাদকের বিরুদ্ধে এমন অশালীন ও অগণতান্ত্রিক বক্তব্য দিয়েছেন ওই সাংসদ (নাসিম ওসমান)।’ সাংসদ কবরী গতকাল মঙ্গলবার বরগুনায় আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (ইসিডিএসপি)-বাংলাদেশের সহায়তায় গ্রামীণ দিবা-যত্ন কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রথম আলো ও এর সম্পাদক সম্পর্কে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের দেওয়া ৯ অক্টোবরের বক্তব্য সম্পর্কে সাংসদ কবরী আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে একজন সাংসদের এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকে নিয়ে এ ধরনের বক্তব্য শালীনতা ও সভ্য আচরণের মধ্যে পড়ে না। আমি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি বলেন, গণমাধ্যমে ভুল বা বিভ্রান্তিকর কিছু প্রকাশ হয়ে থাকলে তার প্রতিবাদের ভাষা এমন হতে পারে না। সাংসদ কবরী আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং এ লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই এ ধরনের বিচ্ছিন্ন কারও বক্তব্যকে সরকারের মনোভাবের বহিঃপ্রকাশ ভাবা উচিত নয়। তিনি বলেন, ‘গণমাধ্যম আমাদের (সরকারের) প্রতিপক্ষ নয়।’বরগুনায় পাঁচটি শিশু দিবা-যত্ন কেন্দ্র চালু বরগুনার পোটকাখালী আবাসন প্রকল্পে তিনটি এবং সদর উপজেলার কুমড়াখালী আবাসন প্রকল্প ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে একটি করে মোট পাঁচটি শিশু দিবা-যত্ন কেন্দ্র গতকাল উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রগুলো উদ্বোধন করেন সাংসদ কবরী। ইসিডিএসপি বাংলাদেশের সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন শহরাঞ্চলের বাইরে এই প্রথম দরিদ্র কর্মজীবী নারীদের সন্তানদের লালন-পালনে দিবা-যত্ন কেন্দ্র খুলেছে।