একজন হিন্দুর ওপর আক্রমণ সবার ওপর আক্রমণ: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গওহর রিজভী
গওহর রিজভী

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। এর নেতিবাচক প্রভাব বহির্বিশ্বেও পড়েছে। তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের গভীরে গিয়ে এর সূত্র নির্ণয় করতে হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা প্রসঙ্গে গওহর রিজভী বলেন, ‘হিন্দুসম্প্রদায়ের একজনের ওপর আক্রমণ হচ্ছে আমাদের সবার ওপর আক্রমণ। শুধু হিন্দুসম্প্রদায়ের মানুষ নয়, বাংলাদেশি হিসেবে আমরা সবাই এর প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ইতিহাস। এখানে সন্ত্রাসবাদের ঠাঁই নেই।
দেশে এখন সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, তথ্য কমিশনার অধ্যাপক খুরশিদা সাঈদ, রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রাজেশ ইউকি প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মোল্যা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামানসহ তিনজন তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
সাংবাদিক মশিউল আলম ইসলামিক স্টেটের (আইএস) উদ্ভব, এখন পর্যন্ত টিকে থাকা ও তাদের নৃশংসতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইসলামি জঙ্গিবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী ব্যক্তিদের ৯৫ শতাংশই মুসলমান।