একজন 'কলমওয়ালা' ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল কাদের।
আবদুল কাদের।

আদালত এলাকায় তাঁর কোনো দোকান নেই। তবুও তিনি কলমের বড় দোকানদার। ঢাকার আদালতের অধিকাংশ কর্মকর্তা ও আইনজীবী তাঁর কাছ থেকেই কেনেন কলম। এক-দুদিন নয়, পঁচিশ বছর ধরে আদালত এলাকায় কলম বিক্রি করছেন তিনি। লোকে তাঁকে ‘কলমওয়ালা’ ভাই বলেই ডাকেন। তাঁর আসল নাম আবদুল কাদের। বয়স ৬৫ বছর। থাকেন নবাবপুরের একটি মেসে। স্ত্রী ও সন্তানেরা থাকে গ্রামের বাড়ি চাঁদপুরে।
কলমওয়ালা আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘কলম বিক্রি করে দিনে বড় জোর ২০০ থেকে ৩০০ টাকা লাভ হয়। এই টাকায় সংসার চালাতে কষ্ট হয়। তারপরও কলমের ব্যবসা বন্ধ করতে পারছি না। নিজে খুব বেশি দূর লেখাপড়া করতে পারিনি। মনের মধ্যে একধরনের বেদনা আছে। তাই শিক্ষিত লোকের সঙ্গ পাওয়ার জন্য কলমের ব্যবসা করছি। কোনোভাবেই ছাড়তে পারছি না।’

ঢাকার আদালত এলাকায় গেলেই দেখা যাবে, ‘কলমওয়ালা’ ভাইয়ের দুই হাতে কলমদানি। জামার দুটি পকেটেও কলাম ঠাসা। এর বাইরেও কাঁধে ঝোলানো ব্যাগে কলম। প্রতিদিন সকাল নয়টায় আদালত চত্বরে চলে আসেন। বিকেল পাঁচটা পর্যন্ত ঘোরাঘুরি করেন। তাঁর সঙ্গে আলাপ করে জানা গেল, তাঁর কাছে সব রকমের কলম রয়েছে। পাঁচ টাকা দামের কলম থেকে এক হাজার টাকার কলম পর্যন্ত। যেসব কলম বেশি চলে, সেগুলো থাকে কলমদানিতে। আর দামি কলমগুলো রাখেন বুক পকেটে।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাদার নূরে আলম প্রথম আলোকে বলেন, কয়েক বছর হলো তিনি আদালতে চাকরি করছেন। আসার পর থেকে তিনি কলমওয়ালা ভাইকে দেখে আসছেন। প্রতিদিন আসেন তিনি। তাঁর আচার-ব্যবহার ভালো। আদালতের সবাই তাঁকে (কলমওয়ালা ভাই) পছন্দ করে। কলম তাঁর কাছ থেকেই তিনি কিনে থাকেন।

আদালত এলাকায় কলম ব্যবসা শুরুর আগে ১৯৬৮ সালে ঢাকায় কাইজার নামের কলম ফ্যাক্টরিতে কাজ করতেন। কলম তৈরির কলাকৌশল তখন শিখেছেন।

কলমওয়ালা ভাই বলেন, লাভ কম হলেও কলম বিক্রি করেই তিনি জীবনজীবিকা চালাচ্ছেন। আগে চলতে অসুবিধা ছিল না। কিন্তু এখন অনেক খরচ। তাই কলম বিক্রি করে এখন সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে। তাঁর দাবি, আগে কলম বিক্রি বেশি হতো। এখন বিক্রি কমে গেছে। তারপরও তিনি কলমের ব্যবসা ছাড়তে পারছেন না।

কলমওয়ালা ভাইয়ের ভাষায়, কলম বিক্রি করা ও আদালত এলাকায় ঘুরে বেড়ানো তাঁর নেশায় পরিণত হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কলম বিক্রি করে যেতে চান।