একজনও প্রবাসী নেই আ.লীগে, আশা আছে বিএনপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে-পরে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশায় শতাধিক প্রবাসী নেতা নির্বাচনী মাঠে ছিলেন। গত রোববার আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর দেখা যায়, তাঁদের একজনও দলীয় মনোনয়ন পাননি। অন্তত একজন হলেও প্রবাসী মনোনয়ন পাবেন বলে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যে ধারণা ছিল। তবে সেটাও না হওয়ায় তাঁরা অনেকটা বিস্মিত হয়েছেন।

আওয়ামী লীগে মনোনয়নবঞ্চনা ঘটলেও বিএনপিতে এখনো আশা আছে। বিএনপির  মনোনয়ন ঘোষণাকে সামনে রেখে গতকাল সোমবারও সিলেটে মনোনয়ন প্রত্যাশায় একজন প্রবাসী সংবাদ সম্মেলন করেছেন। এর আগে একাধিক সংবাদ সম্মেলন থেকে প্রবাসী প্রার্থিতার বিষয়টি জানান দিতে দেখা গেছে। সিলেট দেশের প্রবাসী-অধ্যুষিত অঞ্চল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সিলেটের প্রায় ২৫ লাখ লোক বসবাস করছেন বলে জানা গেছে।

প্রবাসী মনোনয়নপ্রত্যাশীরা বলছেন, তাঁরা বিদেশে থাকলেও দেশের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত। তাঁরা নিজেদের অবস্থানস্থলে পছন্দের দলের জন্য কাজ করছেন। নিজ এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার মানসিকতা থেকেই তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

প্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, প্রতিবারই সংসদ নির্বাচনের আগে প্রবাসীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য নির্বাচনী মাঠে থাকেন। এবারও এর ব্যতিক্রম ছিল না। গত দুটি সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একজন প্রবাসী দলীয় মনোনয়ন পেয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী দলের টিকিটে নির্বাচন করেছেন। সেবার তিনি বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। পরেরবার জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে সেবার মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ওই আসনটি ছেড়ে দেওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী উল্লেখযোগ্য প্রবাসীদের মধ্যে সিলেট-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও যুক্তরাজ্য কার্ডিফ আওয়ামী লীগের সভাপতি কাজী মোহাম্মদ শাহজাহান। যদিও এ আসনে আওয়ামী লীগ গতকাল সোমবার পর্যন্ত দলীয় মনোনয়ন চূড়ান্ত করেনি।

স্থানীয় নেতাদের ধারণা, দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হবে। সিলেট-৩ আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুহাম্মদ মনির হোসাইন আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি। সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ দলীয় মনোনয়ন চেয়ে পাননি। সিলেট-৬ আসনে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খান সাদেক ও নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিক উদ্দিন মনোনয়ন চেয়ে পাননি।

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সিলেটের এমসি কলেজের সাবেক ভিপি যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা ইকবাল হোসাইন, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামছুল হক চৌধুরী ও কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক উপদেষ্টা মো. ছায়েদ আলী মাহবুব হোসেন। তাঁরা কেউই মনোনয়ন পাননি। সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ আবুল কাশেম মনোনয়ন চেয়ে পাননি। মৌলভীবাজার-২ আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কামাল হাসান, মৌলভীবাজার-৩ আসনে সাবেক ব্রিটিশ কাউন্সিলর এম এ রহিম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।

হবিগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ নেতা সুশান্ত দাস গুপ্ত আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি। একজন মনোয়নপ্রত্যাশী বলেন, ‘দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছি। মনোনয়ন চেয়ে পাইনি। তবে এখন দল মনোনীত প্রার্থীকে জেতাতে আন্তরিকভাবে কাজ করব।’

নির্বাচন পর্যবেক্ষণের নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রবাসীদের মনোনয়ন চাওয়ার ঘটনা সিলেট অঞ্চলে নতুন কোনো বিষয় নয়। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনেও প্রবাসীরা প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন দলের হয়ে মনোনয়ন চেয়ে থাকেন। এবার আওয়ামী লীগ থেকে হয়তো কোনো প্রবাসী মনোনয়ন পাননি। তবে হয়তো দেখা যাবে কোনো প্রবাসী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এর বাইরে কয়েকজন প্রবাসী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলেও শোনা যাচ্ছে।