সিলেটে গৃহকর্মীসহ তরুণী শাহেদা আক্তার মিলি খুনের ঘটনায় করা মামলায় একজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত আসামির নাম আবদুল মালেক। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ফজল গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে নগরের শিবগঞ্জের খরাদিপাড়ায় নিজ বাসা থেকে শাহেদা আক্তার মিলি (৩২) ও গৃহকর্মী হনুফা বেগম ওরফে মমতার (১৫) মরদেহ আগুনে পোড়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। মিলির বড় ভাই পরদিন সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।৪ মার্চ ভোরে পুলিশ খরাদিপাড়ার পার্শ্ববর্তী আনন্দ আবাসিক এলাকা থেকে খুদে ব্যবসায়ী আবদুল মালেককে আটক করে। মালেক ওই দিনই সিলেটের হাকিম আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে পাওনা টাকা চাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে মিলি ও তাঁর গৃহকর্মীকে খুন করার কথা স্বীকার করেন।মোট আট পৃষ্ঠার অভিযোগপত্রে ঘটনায় সাক্ষী হিসেবে ১৯ জনের নাম এবং হত্যাকাণ্ডের ১৯টি আলামত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় মুঠোফোনের কললিস্ট যাচাই করে আবদুল মালেককে শনাক্ত করা হয়। পরে তাঁকে আটক করা হলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালেক খুনের দায় স্বীকার করেন। পুলিশকে দেওয়া তথ্য ও আদালতে মালেকের জবানবন্দির ভিত্তিতে ঘটনার সঙ্গে আর কারও যোগসূত্র না থাকায় তাঁকেই (মালেক) একমাত্র অভিযুক্ত করা হয়েছে।