একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩
নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হতাহত ব্যক্তিরা সম্পর্কে ভাই। উপজেলার অমরপুর গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।নিহত ব্যক্তির নাম আতোয়ার রহমান (৪০)। আহত ব্যক্তিরা হলেন মতিয়ার রহমান (৫০), মোজাফ্ফর রহমান (৪৫) ও আফজাল হোসেন (৩৫)। তাঁরা সবাই অমরপুর গ্রামের বছির উদ্দিনের ছেলে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, অমরপুর গ্রামের ৩৬ শতক জমি নিয়ে মোফাজ্জেল ও ইছাহাকের সঙ্গে বছির উদ্দিনের ওই চার ছেলের বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করে বাড়ি ফিরছিলেন আতোয়ার রহমান। মোফাজ্জেলের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনা শুনে মতিয়ার রহমান, মোজাফ্ফর ও আফজাল হোসেন সেখানে উপস্থিত হলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকালই মোফাজ্জেলের স্ত্রী খোদেজা বিবি (৫৫) ও ভাবি রুবিকে (৪০) আটক করেছে পুলিশ।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। মোফাজ্জেল, ইছাহাক ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক থাকার তাঁদের আটক করা যায়নি।