একজনকে গুমের মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা এলাকার পশুপতি নামের এক ব্যক্তিকে অপহরণ করে গুমের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বটিয়াঘাটার চক্রাখালী গ্রামের হরিদাস টিকাদার, হোগলাবুনিয়া গ্রামের রনজিত মণ্ডল ও সঞ্জিত মণ্ডল। ওই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছিল ১৫ জন। এর মধ্যে প্রধান আসামি জিয়া সানা গত ২৪ ফেব্রুয়ারি নগরের হরিণটানা থানার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মামলার অন্য ১১ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বটিয়াঘাটার হোগলাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করে গুম করা হয় পশুপতিকে। এ ঘটনায় ২০০৪ সালের ৯ এপ্রিল বটিয়াঘাটা থানায় মামলা করেন বটিয়াঘাটা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান। ২০০৫ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার ওসি মো. মাহবুবুর রহমান। মামলায় মোট ১২ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত রায় ঘোষণা করেন।