একজনকে গ্রেপ্তারের পর তদন্ত আর এগোয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলহাজ মান্নান, মাহবুব তনয়
জুলহাজ মান্নান, মাহবুব তনয়

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গতকাল বুধবার পর্যন্ত হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে এমন কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
গত ১৫ মে পুলিশ কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম শিহাব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এই মামলার সূত্রে। সংবাদ সম্মেলনে শরিফুলের গ্রেপ্তারকে পুলিশ তদন্তে ‘মেজর ব্রেক থ্রু’ (বড় ধরনের অগ্রগতি) বলেও দাবি করে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কোনো না কোনো পর্বে শরিফুল অংশ নিয়েছে। কলাবাগান হত্যাকাণ্ডে তার ব্যবহৃত একটি অস্ত্রও ব্যবহার করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত কমপক্ষে তিনজনকে শনাক্ত করার কথাও জানায়। তবে গত মঙ্গলবার পুলিশ জানায়, এই ঘটনায় আর কোনো গ্রেপ্তার নেই।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘শরিফুলের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সে অনুযায়ী তদন্ত এগোচ্ছে। তবে জনসমক্ষে জানানোর মতো অবস্থায় এখনো আসিনি আমরা।’
ডিবির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক খুনের ঘটনাগুলোয় সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। এ ক্ষেত্রে যে সমস্যায় পড়তে হচ্ছে তা হলো আটক লোকজন একটা পর্যায়ের পর আর তথ্য দিতে পারছে না। জঙ্গি সংগঠনগুলোর বিভিন্ন শাখা আছে। এক শাখার সদস্য অন্য শাখার সদস্য সম্পর্কে কিছু বলতে পারে না। ওই কর্মকর্তা আরও জানান, শরিফুল কলাবাগানে জোড়া খুনের মামলায় জড়িত দু-তিনজনের নাম বলেছেন। সে অনুযায়ী পুলিশ অভিযান চালাচ্ছে। তবে শরিফুল কলাবাগান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া থেকে শরিফুলকে আটকের পর কলাবাগানে জুলহাজদের বাড়ির নিরাপত্তারক্ষী পারভেজ মোল্লাকে দেখানো হয়। পারভেজ তাঁকে চিনতে পারেননি। গত ২৫ এপ্রিল জুলহাজদের বাড়িতে ঢোকার সময় বাধা দিলে খুনিরা পারভেজের কপালে কোপ দেয়। পারভেজের ডান চোখের ওপর এক ইঞ্চি গভীর ক্ষত তৈরি হয় এতে।
এদিকে জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান প্রথম আলোকে জানিয়েছেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ তাঁদের কোনো তথ্য দেয়নি। তাঁরা পত্রপত্রিকা থেকে খবর নিচ্ছেন। তিনি বলেন, ‘আমার আম্মা ডিমেনশিয়ার রোগী। সবকিছু ভুলে যান। মাঝে মাঝে যখন স্মৃতি ফিরে আসে, তখন জুলহাজের খোঁজে অস্থির হন। আমরা বলি, ও চট্টগ্রাম গেছে। উনি ফোনে কথা বলতে চান। আমরা ভুলিয়ে রাখি।’
জুলহাজ মান্নান ইউএসএআইডির কর্মকর্তা ছিলেন। মাহবুব রাব্বী তনয় ছিলেন থিয়েটারকর্মী। সমকামীদের অধিকার নিয়ে রূপবান নামের একটি পত্রিকা প্রকাশ করতেন জুলহাজ। হত্যাকাণ্ডের এক দিন পর দায় স্বীকার করে আনসার আল ইসলাম বিবৃতি দেয়।