ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জে সফরে আসেন। এসে হঠাৎ মুন্সিগঞ্জ পৌর ভূমি কার্যালয়ে পরিদর্শনে গিয়ে দেখেন কার্যালয়ে পিয়ন ছাড়া কোনো কর্মকর্তা নেই। প্রতিমন্ত্রী এ সময় কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তাকে বরখাস্ত ও উপসহকারী ভূমি কর্মকর্তাসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।
এ খবর পেয়ে সহকারী ভূমি কর্মকর্তা কুতুবুদ্দিন আহমদ এসে দেখেন প্রতিমন্ত্রী তাঁর চেয়ারে বসে আছেন। এর কিছুক্ষণ পরেই আসেন উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও অফিস সহকারী আবদুল কাদের। প্রতিমন্ত্রী এ সময়ে অফিসে না থাকার কারণ জানতে চান এই তিনজনের কাছে। এরপর মন্ত্রী জেলা প্রশাসককে সহকারী কর্মকর্তা কুতুবুদ্দিন আহমদকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত ও উপসহকারী কর্মকর্তা ও অফিস সহকারীকে কারণ দর্শানোর নোটিশের আদেশ দিয়ে ভূমি কার্যালয়ে ত্যাগ করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুদ্দুস আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফজলে আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি সদর) আফরোজ আক্তার প্রমুখ।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বরখাস্ত ও কারণ দর্শানোর সত্যতা নিশ্চিত করেন।