একজনকে রেখে ২৯ জেলেকে মুক্তি
সুন্দরবনের গহিন থেকে ৩০ জন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে জনাব-আলিম বাহিনীর সদস্যরা৷ গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের কৈখালি স্টেশনের তেসনাখালি খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
পরে বিকেল পাঁচটার দিকে একজন জেলেকে আটক রেখে ২৯ জনকে ছেড়ে দেওয়া হয়৷ আটক জেলের নাম আমিরুল গাজী৷ তিনি উপজেলার কালিঞ্চি গ্রামের ফজের আলী গাজীর ছেলে৷
তবে ছেড়ে দেওয়া ২৯ জেলের মাথাপিছু ৩০ হাজার টাকা মুক্তিপণ না দিলে আমিরুল গাজীকে হত্যা করা হবে বলে বনদস্যুরা হুমকি দিয়েছে৷
৩০ জেলেকে অপহরণের সময় দস্যুদের হাত থেকে কৌশলে পালিয়ে আসা রমজান গাজী ও আবদুল গাজী নামের দুই জেলে বলেন, গতকাল ভোর চারটার দিকে তাঁরা ৩২ জন তিনটি ট্রলারে করে সুন্দরবনে ঢোকেন৷ বয়ারসিং নদীসংলগ্ন তেসনাখালি খালের মুখে পেঁৗছালে সশস্ত্র বনদস্যু জনাব-আলিম বাহিনী সামনের দুটি ট্রলার আটক করে৷ পরে একটি ট্রলারে ৩০ জন জেলেকে তুলে নিয়ে সুন্দরবনের গহিনে চলে যায়। পরে দুপুর ১২টার দিকে তাঁরা দুজন ফিরে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিষয়টি জানান৷
শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অপহৃত জেলেদের মা-বাবা, স্ত্রী ও সন্তানেরা কান্নাকাটি করছে।
রমজাননগর ইউপির চেয়ারম্যান আকবর আলী বলেন, বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।
পশ্চিম সুন্দরবনের কৈখালি স্টেশন কর্মকর্তা বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
পণ দিয়ে চার জেলের মুক্তি: অপহরণের দুই দিন পর মুক্তিপণ নিয়ে গতকাল চার জেলেকে ছেড়ে দিয়েছে বনদস্যুরা। বৃহস্পতিবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের দাইগাং খাল থেকে তিনটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে অপহরণ করেছিল দস্যুরা। মুক্তি পাওয়া জেলেরা হলেন শ্যামনগরের টেংরাখালি গ্রামের রফিকুল গাজী (৪৫), আকবর আলী গাজী (৫২), আলিম গাজী (৫৪) ও মতিয়ার গাজী।
নাম প্রকাশ না করার শর্তে মুক্তি পাওয়া একজন জেলে বলেন, বৃহস্পতিবার সকালে লাল্টু বাহিনীর সদস্যরা দাইগাং এলাকা থেকে তাঁদের ১৫ জনকে অপহরণ করে। পরে তাঁদের মধ্য থেকে একজনের কাছে ৭০ হাজার এবং বাকি ১৪ জন জেলের কাছে ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। তিন দিনের মধ্যে টাকা না দিলে খুন করার হুমকি দেওয়া হয়। শুক্রবার রাতে তাঁর পরিবারের সদস্যরা ৬৫ হাজার টাকা এবং অন্য তিনজনের পক্ষে আরও ৯০ হাজার টাকা বনদস্যুদের কাছে পৌঁছানো হয়৷ এরপর চারজনকে ছাড়া হয়৷