একজনের কমিটি দিয়ে মেয়াদের ১৪ মাস পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনকে দিয়ে চলছে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগ। তিন বছর মেয়াদের প্রায় ১৪ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি তুলেছেন কয়েকজন নেতা। তাঁরা বলছেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকলে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, ১০ বছর পর ২০১৪ সালের ২৭ নভেম্বর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে এস এম হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। সেই থেকে একজনকে দিয়েই দল চালিয়ে নেওয়া হচ্ছে।
সম্মেলনের প্রথম অধিবেশন সুষ্ঠুভাবে শেষ হলেও দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের সময় হইচই শুরু হয়। তখন তড়িঘড়ি করে সাধারণ সম্পাদক পদে চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে বিলুপ্ত কমিটির সভাপতি শাহজাহান কবীরের বিপরীতে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস সাত্তার প্রার্থী হন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন সভাপতি পদে কারও নাম ঘোষণা না করেই নেতারা চলে যান।
কাউন্সিলের আগে থেকেই চৌগাছা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষের নেতৃত্বে হাবিবুর রহমান ও অপর পক্ষের নেতৃত্বে চলে যান শাহজাহান কবীর।
জানতে চাইলে শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, একজনের কমিটি দিয়ে আওয়ামী লীগ চালানোয় দলে গতি নেই। শৃঙ্খলাও থাকছে না। তৃণমূলের নেতারা কোনো পদে না থাকায় এবার পৌর নির্বাচনে সাবেক কমিটির অনেক নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ অবস্থায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে পূর্ণাঙ্গ কমিটি না করলে প্রার্থী বাছাইয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
হাবিবুর রহমান বলেন, ‘সমস্যা তো হচ্ছেই। একজনকে দিয়ে গোটা উপজেলা কমিটি চালানো গেলে তো ৬৭ জনের কমিটির দরকার হতো না। বিষয়টির সমাধানের জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।’
যোগাযোগ করলে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।