কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী এক ব্যক্তির পক্ষে এলাকাবাসীর মধ্যে খিচুড়ি বিতরণকালে নির্বাচন কর্মকর্তারা তা জব্দ করেছেন। পরে খিচুড়িগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কলমেশ্বর এলাকায়।একই দিন কর্মিসভা করার সময় জাতীয় পার্টির সমর্থক মেয়র পদের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে আগ্রহী মোহাম্মদ আলী নির্বাচন উপলক্ষে মিলাদের আয়োজন করেন। মিলাদ উপলক্ষে খিচুড়ি রান্না করে তা প্যাকেট করা হয়। এ খবর পেয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে খিচুড়িগুলো জব্দ করেন এবং কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করেন।জাঝর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকেলে কাজী মাহমুদ হাসান একটি কর্মিসভার আয়োজন করেন। সভায় নির্বাচনের বক্তব্য চলছিল। এ সময় রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে একটি দল সভায় অভিযান চালায় এবং মাইক জব্দ ও মেয়র প্রার্থীকে সতর্ক করে দেয়।এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবার নেতৃত্বে গতকাল শনিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, বোর্ডবাজার থেকে টঙ্গী পর্যন্ত অভিযান চালিয়ে অনেকগুলো পোস্টার, বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকনেতাদের সতর্কীকরণ: গাজীপুরের একাধিক পরিবহন মালিক ও শ্রমিকসংগঠনের নেতাদের গতকাল শনিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে ডেকে পাঠানো হয়। পরে তাঁদের যানবাহনে সিটি নির্বাচনের লাগানো বিভিন্ন প্রার্থীর পোস্টার অপসারণ করার অনুরোধ জানানো হয়। কোনো অবস্থাতেই কেউ যেন যানবাহনে পোস্টার-লিফলেট লাগাতে না পারে, সেদিকে চালক ও সহযোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। মো. মতিয়ার রহমান জানান, তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের ২১ দিন আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।