একজনের জন্য ১১ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ২০১৬ সালের স্নাতক (পাস) পরীক্ষায় সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার্থী একজন হলেও কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১১ জন। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেছেন। বুধবার এ ঘটনা ঘটে।

ওই পরীক্ষার্থীর নাম তানিয়া সুলতানা (২০)। তাঁর বাড়ি উপজেলার কালিয়াপাড়া গ্রামে। বেলা একটায় গণিত পরীক্ষায় অংশ নেন তিনি। তাঁর রোল নম্বর ৬৭৫২৬৪৯। তানিয়া সরকারি মুজিব কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতক (পাস) বিজ্ঞান বিভাগের চূড়ান্ত পর্বের একমাত্র পরীক্ষার্থী। তানিয়া এর আগে ওই কেন্দ্রে রসায়ন ও পদার্থ পরীক্ষাও একাই দিয়েছেন।

ওই কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক মুহম্মদ রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টায় থানা থেকে প্রশ্নপত্র তুলে পুলিশি পাহারায় কেন্দ্রে আনা হয়। কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারাও জারি ছিল। পরীক্ষার্থী একজন হলেও আয়োজনে কোনো কমতি ছিল না। একজন কেন্দ্র সচিব (অধ্যক্ষ), একজন ম্যাজিস্ট্রেট, একজন উপজেলা কর্মকর্তা, দুজন পরীক্ষা কমিটি, একজন কক্ষ পরিদর্শক, দুজন পুলিশ, একজন করণিক, একজন হিসাবরক্ষক ও একজন পিয়নসহ মোট ১১ জন দায়িত্ব পালন করেন। বিকেল সাড়ে চারটায় পরীক্ষা শেষ করে ওই একটি খাতা সিলগালা করে পুলিশ পাহারায় সখীপুর উপজেলা ডাকঘরের মাধ্যমে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠিয়ে দেওয়া হয়।

ওই একজন পরীক্ষার্থীর জন্য যথারীতি একজন কক্ষ পরিদর্শকও ছিলেন। সখীপুর আবাসিক মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নুরুল ইসলাম পরিদর্শকের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, খাতা সই করে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন কোনো কাজ করতে হয়নি।

পরীক্ষা শেষে তানিয়া প্রথম আলোকে জানান, সরকারি মুজিব কলেজে বিজ্ঞান বিভাগে আমি একাই ছিলাম। একা একাই আমাকে ক্লাস করতে হয়েছে। পরীক্ষাও আমাকে একাই দিতে হচ্ছে। আধঘণ্টা আগেই পরীক্ষা শেষ করে খাতা জমা দিয়েছি। তবে আমাকে ১১ জনে পাহারা দিয়েছে শুনে ভালো লাগছে। এটা আমার জীবনের একটা বড় ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার একা পরীক্ষা দেওয়ার গল্পটা বলতে পারব।