বগুড়ার গণজাগরণ মঞ্চের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন জাকারিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজনের মধ্যে রেটিনা কোচিং সেন্টারের সাবেক নিরাপত্তাকর্মী মাইনুর ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে গত শনিবার সন্ধ্যায় তিনি এ জবানবন্দি দেন।
জিয়াউদ্দিন (৪৭) জেলা সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। ২০১৩ সালের ৯ ডিসেম্বর রাতে জিয়াউদ্দিন জাকারিয়াকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। পরে জিয়াউদ্দিনের ছোট ভাই সামছুদ্দিন সোলায়মান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন।
এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছিল না। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বগুড়ার শহরের বিভিন্ন স্থান থেকে গত শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী তরফদার পাড়ার মাইনুর ইসলাম (২১), শিবগঞ্জের কিচক সাতআনার মহসিন আলী (২১) ও শহরের সবুজবাগ এলাকার হাবিবুল্লাহ নাঈম (১৯)। ডিবি পুলিশ প্রথমে মাইনুরকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, মাইনুর একসময় ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারের নিরাপত্তাকর্মী ছিলেন। পরে শিবিরের ভাড়াটে ক্যাডার হিসেবে জিয়াউদ্দিনকে হত্যা ছাড়াও চার শতাধিক ককটেল-বোমা বিস্ফোরণ, একাধিক পেট্রলবোমা হামলায় অংশ নেন। মহসিন সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ছাত্র আর হাবিবুল্লাহ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁরা দুজনই শিবিরের কর্মী।
আরিফুর বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মাইনুর বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায়ের বদলা নিতে পরিকল্পনামতো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে শিবির। মাইনুর প্রথমে জিয়াউদ্দিনকে ছুরিকাঘাত করেন। পরে অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ইসলামী ছাত্রশিবিরের সরকারি আজিজুল হক কলেজ শাখার শীর্ষ দুই নেতার নেতৃত্বে এই হত্যাকাণ্ডে ১২ জন অংশ নেন।
ঘটনার দিন শহরের জামিলনগর এলাকায় কলেজ শিবিরের দুই নেতার নেতৃত্বে গণজাগরণ মঞ্চের মাসুদার রহমান ও জিয়াউদ্দিনকে হত্যার পরিকল্পনা হয়। জিয়াউদ্দিন জাকারিয়া ও সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মাসুদারের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য তাঁরা কার্ড ছাপানোর কথা বলে তৃপ্তি প্রেসে গিয়ে দুজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর আরও চারটি মোটরসাইকেলে করে সেখানে অন্যরা আসে। কিন্তু পান খাওয়ার জন্য জিয়াউদ্দিন একা বাইরে এলে তিনিই শুধু হামলার শিকার হন। পরে ১৬টি ককটেল ফাটিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, প্রথম থেকেই এই ঘটনায় জামায়াত-শিবির জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। তদন্তে বেরিয়ে এসেছে, জামায়াত নেতাদের ফাঁসির রায়ে ক্ষুব্ধ হয়ে ছাত্রশিবির জিয়াউদ্দিনকে হত্যা করেছে। শিবিরের টার্গেটে দুজন থাকলেও ভাগ্যক্রমে ওই দিন মাসুদার রহমান বেঁচে গিয়েছিলেন। হত্যাকাণ্ডে ও এর পরিকল্পনায় যারা অংশ নিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।