একজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক পর্ষদের সাবেক পরিচালক জান্নাত আরা তালুকদার হেনরির সিরাজগঞ্জের বাসভবনে যুবলীগের নেতা পৌরসভার প্যানেল মেয়র সেলিম আহমেদের ওপর গুলির ঘটনায় দায়ের করা মামলায় আটক দুজনের মধ্যে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুলালের জামিন মঞ্জুর করেছেন আদালত। আটক অপর ব্যক্তি মামুনুর রশিদকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে হেনরির জব্দ করা শটগানটি আদৌ ওই রাতে ব্যবহার হয়েছে কি না, বা তা থেকে কয়টি গুলি বের হয়েছে, তা পরীক্ষার জন্য সিআইডি গবেষণাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত। গতকাল রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই আদেশ দেন। আদালত ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কে হেনরির বাসভবনে গত বুধবার রাতে পৌরসভার প্যানেল মেয়র জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদসহ তাঁর ভাইদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সেলিমের ছোট ভাই সুলতান মাহমুদ বাদী হয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী জান্নাত আরা হেনরি, তাঁর স্বামী শামীম তালুকদার লাবু ও সেলিমের চাচাতো ভাই মামুনুর রশিদের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘটনার দিন হেনরির বাসা থেকে মামুন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদকে আটক করে। এ সময় হেনরির লাইসেন্স করা শটগান, চারটি গুলি ও লাইসেন্স জব্দ করে পুলিশ। অপরদিকে বাসভবনে হামলা, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে হেনরির স্বামী শামীম তালুকদার বাদী হয়ে পৌরসভার প্যানেল মেয়র সেলিম আহমেদ, তাঁর ভাই সুলতান মাহমুদ ও সোহেলের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।