একজনের পকেটের লাখ টাকা মিলল অন্যজনের কোমরে
প্যান্টের ডান পকেটে এক লাখ টাকা নিয়ে বাসে উঠেছিলেন মুঠোফোন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২১)। বাস কিছু দূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন পকেটমার হয়েছে। তাঁর চিত্কারে চালক বাস থামালে পুলিশ বাসে উঠে সব যাত্রীকে তল্লাশি করে। বাসের পেছনের দিকে বসা আবু শাহাদাতের (৫০) কোমর থেকে উদ্ধার করা হয় ওই টাকা। পুলিশ আবু শাহাদাতসহ দুজনকে আটক করেছে। চট্টগ্রাম নগরের স্টেশন রোডে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায়, আবু শাহাদাতের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। আটক অপর ব্যক্তি মোহাম্মদ নাসির (৪২) নগরের পাঠানটুলীর বাসিন্দা। শাহাদাত পকেট মারার অভিযোগ অস্বীকার করে এ জন্য নাসিরকে দায়ী করলেও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, নাসির ওই বাসের যাত্রী ছিলেন না। তিনি রিকশায় করে স্টেশন রোড দিয়ে পাঠানটুলীর দিকে যাচ্ছিলেন। জটলা দেখে তিনি রিকশা থামিয়ে বাসের কাছে আসেন।পুলিশ সূত্র জানায়, শাহাদাত হোসেন আগ্রাবাদের ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেটের মুঠোফোন ব্যবসায়ী। তিনি সদরঘাটের একটি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে আগ্রাবাদ যাওয়ার জন্য নিউমার্কেট থেকে বাসে ওঠেন। তাঁর প্যান্টের ডান পকেটে ছিল ৫০০ টাকার নোটের দুটি বান্ডিল। বাসটি কিছু দূর যাওয়ার পর তিনি পকেটে হাত দিয়ে বুঝতে পারেন টাকাগুলো নেই।শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পকেটমার হয়েছে বুঝতে পেরে আমি চিত্কার করলে চালক বাস থামিয়ে দেন। এ সময় হাবিলদার মোহাম্মদ ইস্রাফিলের নেতৃত্বে টহল পুলিশ দ্রুত এসে বাসের দরজায় অবস্থান নেয় এবং প্রত্যেক যাত্রীর দেহ তল্লাশি করে। বাসের পেছনের আসনে বসা আবু শাহাদাতের কোমর থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।’হাবিলদার ইস্রাফিল বলেন, ‘তল্লাশির কারণে পকেটমার আবু শাহাদাত টাকাগুলো নিয়ে পালাতে পারেনি।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, নাসির পকেট মারার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।