একজনের পরিচয় মিললেও তিন লাশই বেওয়ারিশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় গত মঙ্গলবার রাতে ‘গণপিটুনিতে’ নিহত তিন ব্যক্তির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া সত্ত্বেও স্বজনেরা পুলিশের চাহিদামতো স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র দিতে না পারায় লাশ দেওয়া হয়নি বলে তাঁরা জানিয়েছেন। ওই তিন ব্যক্তির নিহত হওয়ার সম্ভাব্য কারণ নিয়ে ভিন্নরকম বক্তব্য দিয়েছিলেন এলাকাবাসী ও পুলিশ।
ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামে কপোতাক্ষ নদের তীরে গত মঙ্গলবার রাতে তিন ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পুলিশের দাবি, ডাকাত সন্দেহে গ্রামবাসী পিটুনি দিয়ে তাঁদের হত্যা করেছে। তবে স্থানীয় লোকজন বলেছেন, সেখানে কোনো গণপিটুনির ঘটনার কথা তাঁরা জানেন না।
দাতব্য প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের লোকজন যশোর শহরের ঘোপ এলাকায় সরকারি কবরস্থানে গত বুধবার বিকেলে দুজনের এবং গতকাল বৃহস্পতিবার বিকেলে একজনের লাশ দাফন করেন। এর আগে যশোর জেনারেল হাসপাতালে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হয়।
ময়নাতদন্তকারী যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) আবদুল্লাহ আল মামুন বলেন, নিহত তিন ব্যক্তির জখম একই রকম। সবারই মাথায় ধারালো ও ভোঁতা দুই ধরনের অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তিন ব্যক্তির মধ্যে খোরশেদ আলমকে (৪৫) বুধবার তাঁর স্ত্রী আরজিনা বেগমসহ স্বজনেরা শনাক্ত করলেও লাশ তাঁদের দেওয়া হয়নি। তবে জানাজায় ও দাফনের সময় স্বজনেরা উপস্থিত ছিলেন।
খোরশেদের মেয়ে সুমি খাতুন গতকাল দুপুরে হাসপাতালে এ প্রতিবেদককে বলেন, ‘আঞ্জুমান মফিদুল ইসলামের লোকজন বেওয়ারিশ হিসেবে আব্বাকে দাফনের প্রস্তুতি নিলে আমরা বাধা দিই। কিন্তু লাশ নিতে চাইলে পুলিশ বলে, নিহত ব্যক্তি ও লাশ গ্রহণকারী স্বজনদের জাতীয় পরিচয়পত্র এবং স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। চেয়ারম্যানের কাছে দুই দিন ঘুরেও প্রত্যয়নপত্র নিতে পারিনি।’
কেন প্রত্যয়নপত্র দেওয়া হলো না জানতে চাইলে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘তাঁর বাড়ি এখানে না। আমি কী করে প্রত্যয়নপত্র দেব?’
নিহত খোরশেদের গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামে। কয়েক বছর আগে তিনি ওই গ্রাম ছেড়ে পরিবার নিয়ে সদর উপজেলার রূপদিয়া এলাকায় বসবাস শুরু করেন। পরিবার বলেছে, রূপদিয়া বাজারে খোরশেদের একটি চায়ের দোকান রয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, ‘খোরশেদের পরিবার দুই দিনেও ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আনতে পারেনি। আর বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠানের কাছে লাশ হস্তান্তরের পরে আমাদের কোনো দায়িত্ব নেই।’
আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক শেখ জাফরউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের নির্দেশে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়েছে। হস্তান্তরের পরে পুলিশের নির্দেশ ছাড়া আমরা লাশ দিতে পারি না।’
ঝিকরগাছা থানা সূত্রে জানা গেছে, উপপরিদর্শক আকরাম হোসেন অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই ব্যক্তিরা ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।