একজনের ফাঁসি পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের আনোয়ার হোসেন মাস্টার (৫০) হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রোববার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম চমন চৌধুরী এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি হলেন মো. জাহাঙ্গীর আলম। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ফয়েজ আহমেদ জালাল, নাজমুল হাছান বাবলু, শামিমুজ্জামান বাবু, এমদাদুল হক ও রফিকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাছান ও এমদাদুল ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ১০ আগস্ট সকালে এলাহাবাদ বাজারে এলাহাবাদ গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন মাস্টার ও তাঁর ভাই শামসুল হক মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আসামিরা। ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন। এ ঘটনায় এলাকাবাসী জাহাঙ্গীরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।