চট্টগ্রামে আইন কলেজের ছাত্র আফছার হোসেন শামীম হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম হলো ইদ্রিস আলম।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, চট্টগ্রাম আইন কলেজের ছাত্র আফছার হোসেন শামীমকে দাওয়াতের কথা বলে তাঁর পূর্ব পরিচিত ইদ্রিস আলম তাঁকে রাউজানে নিয়ে যান। সেখানে দুই দিন আটকে রেখে আফসারের পরিবারের কাছ থেকে এক লাখ টাকা চাঁদাও নেন। পরে ২০১২ সালের ২২ জুলাই রাউজান বধুপাড়া এলাকা থেকে আফসারের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হলে আসামি ইদ্রিস আলমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত এ রায় দেন।
পিপি আরও বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মনির হোসেন, আবদুর রউফ ও আলী আজমকে বেকসুর খালাস দেন আদালত।