একজনের বেশি স্বজন নিয়ে বিমানবন্দরে ঢোকা যাবে না
বিমানবন্দরে একজনের বেশি স্বজন না নেওয়ার অনুরোধ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও জনস্বার্থে গতকাল শনিবার এই নির্দেশনা জারি করা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, বিদেশগামী যাত্রীদের সঙ্গে কখনও কখনও বেশ কয়েকজন আত্মীয় আসেন বিদায় জানাতে। ভেতরে ঢোকার আগে তাঁদের প্রত্যেককে পরীক্ষা করা সময়সাপেক্ষ ব্যাপার। অনেকে বিমানবন্দরে ঢোকার মুখে ড্রাইভওয়েতেও দাঁড়িয়ে থাকেন লম্বা সময়। তাই নিরাপত্তাব্যবস্থাকে সুষ্ঠু করার স্বার্থেই একজনের বেশি স্বজন না আনার অনুরোধ করা হয়েছে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানবন্দরের বাইরের দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ফটকগুলোয় আগে একজন সদস্য দায়িত্ব পালন করতেন, এখন সেখানে দুজন করে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, নতুন করে বিমানবন্দরে তিনটি আর্চওয়ে বসানো হয়েছে। প্রতিটি মানুষ ও তাঁর ব্যাগ যেন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া না ঢুকতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।