গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দাখিল করা মনোনয়নপত্র স্থগিত হয়েছে। উপজেলা পরিষদ থেকে পদত্যাগের অনুমোদনপত্র না পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেন। ঋণখেলাপির অভিযোগে মেয়র পদে নাজিম উদ্দিনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান ওই ঘোষণা দেন। তবে নির্বাচন কমিশন এ জন্য ওই ব্যক্তিকে আজ সোমবার বিকেল চারটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছে। তা না হলে বাতিল হবে তাঁর মনোনয়নপত্র। আজ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এরই মধ্যে যাচাই-বাছাইয়ের পর মেয়র পদের নয়জনের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে অংশ নিতে আমি ২ জুন গাজীপুর জেলা প্রশাসকের কাছে গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দাখিল করি। পরে জেলা প্রশাসক কার্যালয় থেকে ওই দিনই আমার পদত্যাগপত্রটি ৪৬.১২.৩৩০০.০০৪.২১.০০১.১১-২৫২ (গাজী) নম্বর স্মারকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। তার পরও আমার পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রমাণপত্র না পাওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন সাময়িক স্থগিত করেছেন। এর পেছনে সরকারদলীয় সমর্থকদের ইন্ধন রয়েছে।’ জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের ভাইস চেয়ারম্যান পদের পদত্যাগের পত্র পাওয়ার পর সেটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।ছেলের ঋণের জন্য বাবার মনোনয়ন বাতিল: ব্যাংক এশিয়া টঙ্গী শাখায় ছেলে জাকারিয়া আহমেদ ঋণখেলাপি থাকার অভিযোগে সচেতন নাগরিক পরিষদের মেয়র পদের নাজিম উদ্দিন আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সহকারী রিটার্নিং কার্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নাজিম উদ্দিন আহমেদ তাঁর ছেলে জাকারিয়া আহমেদের ব্যাংকঋণের জামিনদার হওয়ায় এবং মনোনয়নপত্র জমাদানের আগে খেলাপি ঋণ পরিশোধ না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।নাজিম উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন আমার প্রতি অবিচার করেছে। আমি আইনের আশ্রয় নেব।’মেয়র পদে ১৮ প্রতীক: রিটার্নিং কর্মকর্তা জানান, ১৮ জুন জিসিসি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মেয়র পদে আনারস, কাপ-পিরিচ, ঘোড়া, চশমা, চিংড়ি, জাহাজ, টাইপ-রাইটার, টেবিল, টেলিফোন, টেলিভিশন, তালা, দোয়াত-কলম, প্রজাপতি, ব্যাটারি, মোটরসাইকেল, মাইক, হেলিকপ্টার ও হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সাধারণ কাউন্সিলর পদে ৩০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১৮টি বিভিন্ন প্রতীক বিতরণ করা হবে।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ ২২ মে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ৬ জুলাই নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৬ জুন। বাছাই ৯ ও ১০ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন এবং ১৮ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।