চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। নতুন করে আরও ৫২ জন রোগী ভর্তি হয়েছে সদর হাসপাতালে। এদের মধ্যে দুপুরে এক বৃদ্ধ মারা গেছেন।
হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম জানান, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে গতকাল বেলা সোয়া দুইটার দিকে সদর উপজেলার ইসলামপুর গ্রামের একরামুল হক (৬০) মারা যান। নিহত ব্যক্তির ছেলে শরিফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ডায়রিয়া ওয়ার্ডে তাঁর বাবা ভর্তি হন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন আলাউদ্দীন জানান, ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে ৮৫ ভাগই পৌর এলাকার। এর মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডের রোগীর সংখ্যাই বেশি। পৌরসভার সরবরাহ করা দূষিত পানি থেকেই ডায়রিয়া ছড়াচ্ছে। সরবরাহ করা পানির নমুনা ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে, পানিতে ই-কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর মেয়রকে জানানো হয়েছে।
মেয়র আবদুল মতিন জানান, বুধবার থেকে পানি সরবরাহ লাইনের পাইপ পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত এলাকায় বাড়ি বাড়ি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে।