একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) রাশেদা সুলতানা জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম (৪০) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণ শহর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার দোপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে ফজিলা খাতুন (১০) তার মামার বাড়ি নারায়ণ শহর গ্রামে বেড়াতে যায়। ২০০১ সালের ৬ অক্টোবর সকাল ১০টার দিকে আসামি নজরুল ওই শিশুকে ফুসলিয়ে গ্রামের আনিছারের শ্যালো মেশিন ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হলে ওই বছরের ১৮ অক্টোবর পুলিশ নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। আসামি নিজের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

শুনানি শেষে গতকাল মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে উল্লেখ করা হয়, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(২) ধারার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি (স্পেশাল পিপি) তবিবুর রহমান ও সহকারী কৌঁসুলি এপিপি তৃপ্তি বেগম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী তরিকুল ইসলাম।