একজনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন
বাগেরহাটে হত্যার দায়ে একজনকে গতকাল বৃহস্পতিবার আদালত মত্যুদণ্ড দিয়েছেন। কিশোরগঞ্জে শিশু হত্যা, জয়পুরহাটে জোড়া খুন এবং চুয়াডাঙ্গায় অপহরণ ও পুড়িয়ে হত্যার দায়ে দুই ভাইসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে অপর ছয়জনকে। গতকাল বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৩২)। তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উমাজুড়ি গ্রামের মুজিবর শেখের ছেলে।কিশোরগঞ্জ: শিশু হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. তাবাসসুম ইসলাম বুধবার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুর রহমান, মো. হেলাল মিয়া, হেলিম মিয়া, মো. বিল্লাল মিয়া, কফিল মিয়া, সাইদুর রহমান, সামছু মিয়া ও হাদিছ মিয়া। জানা যায়, ২০০৪ সালের ৮ অক্টোবর রাতে সদর উপজেলার মাইজখাপন গ্রামের আবু সিদ্দিকের ছেলে মো. ওমর ফারুককে আসামিরা শ্বাসরোধে হত্যা করেন। জয়পুরহাট: জোড়া খুনের মামলায় দুই সহোদরের যাব্বজীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার উত্তর গণিপুর গ্রামের জালাল উদ্দীন জালু (৪৫) ও তাঁর ছোট ভাই লিটন (৩০)।চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের মোজাম্মেল হোসেনকে (২১) অপহরণ ও পুড়িয়ে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মনজুরুল হক খান গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আশকার আলী (৩৫)।