গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে চট্টগ্রামে আবদুর রহিম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুর রহিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর গ্রামের গোলাম সোবহানের ছেলে। নিহত গৃহবধূ নুরুন্নাহারের বাবার বাড়ি একই গ্রামে। আদালত সূত্রে জানা গেছে, ঘাতক আবদুর রহিম নিহত গৃহবধূর পূর্বপরিচিত। বাবার বাড়িতে বেড়াতে আসার পর ১৯৯৯ সালের ২৪ মার্চ তাঁকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করেন আবদুর রহিম। এরপর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে হত্যা করেন।
হত্যার পরের দিন নুরুন্নাহারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সেদিনই বাঁশখালী থানায় মামলা দায়ের করেন নিহতের মা সুফিয়া বেগম। এরপর ওই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০১ সালের ২৫ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার বলেন, মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বর্তমানে আসামি পলাতক।