একজনের মৃত্যুদণ্ড ও ১৭ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় একটি হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চগড়ে আরেকটি হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তাঁদের মেয়েসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গত সোমবার এ রায় দেওয়া হয়। বগুড়ার সোনাতলা উপজেলার আয়েন উদ্দিন (৩৫) হত্যা মামলায় একই উপজেলার পাঠানপাড়া গ্রামের জয়নালকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী শাহীনা নিগার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আটজনকে বেকসুর খালাস দেন।১৯৯৩ সালের ১৪ নভেম্বর সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামে জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আয়েন উদ্দিন খুন হন। এ ঘটনায় তাঁর বড় ভাই শাহ আলম সোনাতলা থানায় একটি হত্যা মামলা করেন।এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কালিকাপুর গ্রামের আবু সাঈদ হত্যা মামলায় একই গ্রামের আবদুর রহিম, তাঁর স্ত্রী কেসি বেগম ও মেয়ে রিনা বেগম এবং জহিরুল ইসলাম নামের আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. আবদুস সালেক এ রায় দেন। ২০০৭ সালের ১৯ ডিসেম্বর আবু সাঈদ জমিতে ধান কাটার সময় আসামিরা রড দিয়ে তাঁকে আঘাত করলে তাঁর মৃত্যু হয়।