চট্টগ্রামে গৃহবধূ নূর নাহার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পঞ্চম মহানগর দায়রা জজ আদালতের বিচারক লা মং গতকাল বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন।রায়ে এই মামলার প্রধান আসামি পলাতক সালাহউদ্দিন ওরফে ছাগল বাবুর মৃত্যুদণ্ড হয়। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সিরাজুল ইসলাম, সোহেল ওরফে ঢাকাইয়া সোহেল, ডিমা মাসুদ, দিলদার হোসেন, টিটু ও আবদুল্লাহ আল মামুন। তাঁদের মধ্যে সিরাজুল ও সোহেল রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।আদালত সূত্র জানায়, যুক্তরাষ্ট্র-প্রবাসী আবুল কাশেম ভূঁইয়ার স্ত্রী নূর নাহারকে ২০০৪ সালের ৩ নভেম্বর নগরের ষোলশহর আলফালাহ গলির বাসায় ঢুকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ সময় তাঁর বাসা থেকে সাড়ে তিন লাখ টাকা ও ১০০ ভরি স্বর্ণালংকার লুট করে সন্ত্রাসীরা। পুলিশ ২০০৫ সালের ৩১ আগস্ট এই মামলার অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৩ জন সাক্ষ্য দেন।নূর নাহার হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ছাগল বাবুকে ধরতে র্যাব ও পুলিশ অনেক ফাঁদ পেতেছিল। অতিরিক্ত পঞ্চম আদালতের সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) মো. আরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আলফালাহ গলির নূর নাহার হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছিল। কারণ ওই সময় তিনি নিজের প্লটে একটি বাড়ি বানাচ্ছিলেন। স্থানীয় সন্ত্রাসীরা তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা এবং নির্মাণাধীন বাড়ির ঠিকাদারি কাজ চেয়ে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে আমরা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হই, যে কারণে সবার সাজা নিশ্চিত হয়।’রায়ে সন্তোষ প্রকাশ করে নূর নাহারের স্বামী আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘সন্ত্রাসীরা আমার সন্তানদের মাহারা করেছে। আমি স্ত্রী হত্যার ন্যায়বিচার পেয়েছি। আমি এই রায় কার্যকর দেখে যেতে চাই।’