বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত৷ গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূরুজ্জামান এ আদেশ দেন৷
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন শাকিল শিকদার৷
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন আবদুল্লাহ মো. ইবনে আলী সরকার ও ফোরকান৷ শাকিলের বাড়ি ঝালকাঠির
নলছিটির শরমহল গ্রামে৷ মামলার অপর আসামি খোকনকে ছিনতাই হওয়া মোটরসাইকেল কেনার দায়ে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত৷
রায়ে বলা হয়, ‘আসামি শাকিল শিকদারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হত্যার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো৷’
হত্যাকাণ্ডে সহযোগিতা ও ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইবনে আলী ও ফোরকানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত৷ একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়৷ জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়৷
রায় ঘোষণার আগে আসামি শাকিল, ইবনে আলী ও ফোরকানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়৷ অপর আসামি খোকন জামিন নিয়ে পলাতক রয়েছেন৷