একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কে কলেজছাত্র আবদুর রাজ্জাক (২০) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাজমুল (২৫) নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের সাজু আহম্মেদ (২৩) ও মো. মমিন (২১)। নিহত রাজ্জাক শেরপুরের সদর উপজেলার যোগিনীমুরা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে ও শেরপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন।

শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন আজ রোববার বিকেলে এ দণ্ডাদেশ দেন। আদালত রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি বিকেলে নিহত আবদুর রাজ্জাক, তাঁর বন্ধু ফারুক আহম্মেদ, শামীম মিয়া ও রাকিব হাসান নালিতা বাড়ি উপজেলার গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কে বেড়াতে যান। এ সময় ভারত-বাংলাদেশ সীমান্তের সীমানা পিলারের মাঝামাঝি গলাচিপা এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দণ্ডপ্রাপ্ত আসামিরা রাজ্জাক ও তাঁর বন্ধুদের ওপর হামলা করেন। এতে আবদুর রাজ্জাক মারা যান।

এ ঘটনায় রাজ্জাকের বাবা সোহরাব আলী বাদী হয়ে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

থানা সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে। তাঁরা শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।